টাঙ্গাইলে বেগম খালেদা জিয়া ও মেজর জেনারেল মাহমুদুল হাসানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৬

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মেজর জেনারেল মাহমুদুল হাসান এর রুহের মাগফিরাত কামনায় আজ সোমবার (১৯ জানুয়ারি) টাঙ্গাইল পার্ক বাজারে বিশাল দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি মনোনীত টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার-সম্পাদক। তিনি মরহুম নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের আদর্শ ও নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনাব হাসানুজ্জামিল শাহীন, সভাপতি টাঙ্গাইল জেলা বিএনপি। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এক অদম্য প্রতীক। তার নেতৃত্ব ও সংগ্রাম বাংলাদেশের রাজনীতিতে ইতিহাস হয়ে থাকবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল হক সানু, সাবেক সদস্য সচিব, টাঙ্গাইল জেলা বিএনপি এবং ইঞ্জিনিয়ার মোঃ রাশেদ হাসান, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল মাহমুদুল হাসানের জৈষ্ঠ্যপুত্র। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আজগর আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি।

অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল মেজর জেনারেল মাহমুদুল হাসান, চাঁদ বাজার দোকান মালিক ও ব্যবসায়ী সমবায় মালিক সমিতি এর সহযোগিতায়।

সভায় বক্তারা মরহুম নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তারা শুধু রাজনৈতিক নেতা ছিলেন না, বরং গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। অংশগ্রহণকারীরা পার্ক বাজারের ব্যবসায়ী ও দোকান মালিকদের নিরাপত্তা, শৃঙ্খলা এবং বাজার ব্যবস্থাপনার গুরুত্বও তুলে ধরেন।

শেষে মরহুমা নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।