নকশা বহির্ভূত ৮ ভবনের অবৈধ অংশ অপসারণ

মিরপুরে রাজউকের অভিযান:

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৬

রাজধানীর মিরপুর এলাকায় ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে নির্মিত ভবনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আজ বুধবার (০৮ এপ্রিল) পল্লবী আবাসিক এলাকার ইস্টার্ন হাউজিং (২য় পর্ব) এলাকায় রাজউকের জোন-৩/১ এর আওতাধীন সাব-জোন-৩/১-এ এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন রাজউকের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান এবং অথরাইজড অফিসার-৩/১ এফ আর আশিক আহমেদ। অভিযানে পল্লবী এলাকার মোট ৮টি নির্মাণাধীন ভবনে উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।

ভ্রাম্যমান আদালত চলাকালে ইস্টার্ন হাউজিংয়ের বিভিন্ন ব্লকে নকশা বহির্ভূতভাবে গড়ে তোলা অংশগুলো আংশিক ভেঙে ফেলা হয়। উল্লেখযোগ্য অভিযানগুলো হলো: এইচ ব্লকের ০৬ নম্বর রোডের ৪২ নম্বর প্লটে: মোঃ আবুল হোসেনের নির্মাণাধীন ৬ তলা ভবনের নকশা বহির্ভূত অংশ আংশিক অপসারণ করা হয়।
৪ নম্বর রোডের ৩৫ নম্বর প্লটে আনোয়ার হোসেনের ৪ তলা ভবনের অবৈধ অংশ ভাঙা হয়। বাকি অংশ এক মাসের মধ্যে নিজে সরিয়ে নেওয়ার অঙ্গীকার করেন মালিক।
৬ নম্বর রোডের ৩০ নম্বর প্লটে তরিকুল ইসলামের ৫ তলা ভবনের ব্যত্যয়কৃত অংশ আংশিক অপসারণ করা হয়। এইচ ব্লকের ০৫ নম্বর রোডের ৩৪ নম্বর প্লটে কাউসার মাদবরের ৪ তলা ভবনের অবৈধ অংশ উচ্ছেদ করা হয়।
এছাড়া এইচ ব্লকের আরও চারটি ভবন (মালিক যথাক্রমে জসিম উদ্দিন, আনিসুর রহমান, জেসমিন আক্তার এবং ডলি খান) এর নকশা বহির্ভূত অংশ আংশিক অপসারণ করা হয়েছে এবং অবশিষ্ট অবৈধ অংশ ভেঙে ফেলার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

রাজউকের অথরাইজড অফিসার এফ আর আশিক আহমেদ জানান, ভবন মালিকরা যাতে নকশা মেনেই ভবন নির্মাণ করেন, তা নিশ্চিত করতেই এই নিয়মিত অভিযান। ৩ জন মালিক তাদের অবশিষ্ট অবৈধ অংশ আগামী এক মাসের মধ্যে নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার জন্য লিখিত অঙ্গীকারনামা প্রদান করেছেন।

অভিযানে রাজউকের সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজউক কর্তৃপক্ষ জানিয়েছে, পরিকল্পিত নগরী গড়তে এবং ভবন নির্মাণে শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।