বিদেশে উচ্চশিক্ষায় তরুণদের প্রস্তুতি

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৬

আজকের তরুণদের বড় একটি স্বপ্ন হলো বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নেওয়া। উন্নত শিক্ষাব্যবস্থা, আধুনিক গবেষণার সুযোগ, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং ভালো ক্যারিয়ারের সম্ভাবনা উন্নত-এসব কারণে বিদেশে পড়াশোনা তরুণদের কাছে দিন দিন বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। পাশাপাশি বৈশ্বিক অভিজ্ঞতা ও আন্তর্জাতিক নেটওয়ার্ক ভবিষ্যৎ ক্যারিয়ারে বাড়তি সুবিধা দেয়। তবে এ স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হলো উচ্চ ব্যয়। অনেক ক্ষেত্রেই টিউশন ফি, থাকা-খাওয়া ও অন্যান্য খরচ সাধারণ পরিবারের নাগালের বাইরে চলে যায়। এ বাস্তবতায় স্কলারশিপ হয়ে ওঠে বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার।

স্কলারশিপ ও সুযোগের বাস্তবতা

স্কলারশিপ হলো পড়াশোনার জন্য দেওয়া আর্থিক সহায়তা, যা আংশিক বা সম্পূর্ণ হতে পারে। অনেক ক্ষেত্রে এতে টিউশন ফি ছাড়াও আবাসন, স্বাস্থ্য বিমা, শিক্ষা উপকরণ এবং যাতায়াত ব্যয় অন্তর্ভুক্ত থাকে। যুক্তরাজ্যের Chevening, ইউরোপের Erasmus Mundus, যুক্তরাষ্ট্রের Fulbright, জার্মানির DAAD এবং অস্ট্রেলিয়ার Australia Awards বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বহুল পরিচিত। এসব স্কলারশিপে শুধু ফলাফল নয়; নেতৃত্ব, সামাজিক দায়বদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনাকেও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি অনেক বিশ্ববিদ্যালয় নিজস্ব তহবিল থেকে মেরিটভিত্তিক স্কলারশিপ, রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ ও টিউশন ফি ওয়েভার দিয়ে থাকে, যা শিক্ষার্থীদের জন্য বিকল্প সুযোগ তৈরি করে।

স্কলারশিপে সাধারণত তারাই এগিয়ে থাকে, যারা পড়াশোনার পাশাপাশি সমাজের সঙ্গে যুক্ত থাকে। স্বেচ্ছাসেবী কাজ, সামাজিক উদ্যোগ, গবেষণা অভিজ্ঞতা কিংবা উদ্ভাবনী চিন্তা আবেদনকে আলাদা করে তোলে। অনেক স্কলারশিপে গ্রাম ও প্রান্তিক অঞ্চল থেকে আসা মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ অগ্রাধিকারও দেওয়া হয়, যা উচ্চশিক্ষার সুযোগকে আরও অন্তর্ভুক্তিমূলক করে।

প্রস্তুতি ও সতর্কতা

স্কলারশিপ পাওয়ার জন্য প্রস্তুতি নিতে হয় আগেভাগে এবং পরিকল্পিতভাবে। ভালো একাডেমিক ফলাফল গুরুত্বপূর্ণ হলেও শুধু CGPA-ই সব নয়। ইংরেজি দক্ষতা (IELTS বা TOEFL), স্বেচ্ছাসেবী কাজ, ইন্টার্নশিপ, গবেষণা বা বিভিন্ন ক্লাব ও সামাজিক কার্যক্রম আবেদনকে আরও শক্ত করে। পাশাপাশি একটি শক্তিশালী Statement of Purpose (SOP) বা মোটিভেশন লেটার অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে নিজের লক্ষ্য, আগ্রহ ও ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্টভাবে তুলে ধরতে হয়। একইসঙ্গে দালাল ও ভ্রান্ত তথ্য থেকে সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে, কোনো স্বীকৃত স্কলারশিপের জন্য আগে টাকা দিতে হয় না।

শেষ কথা

বিদেশে উচ্চশিক্ষা মানেই দেশ ছেড়ে যাওয়া নয়। বরং বিদেশে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা দেশে ফিরিয়ে এনে তরুণরা শিক্ষা, প্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সঠিক তথ্য, ধৈর্য এবং আত্মবিশ্বাস থাকলে বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ-দুটিই বাংলাদেশের তরুণদের জন্য পুরোপুরি অর্জনযোগ্য।

লেখক :
এইচএম আসাদ-উজ-জামান
শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থান বিশেষজ্ঞ