‘মধ্যপ্রাচ্যের এমআইটি’ খ্যাত কাউস্টে ফুল-ফান্ডেড স্কলারশিপ: আবেদনের সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৬

বিশ্বমানের গবেষণা ও উন্নত উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (KAUST)। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত (Full-Funded) স্কলারশিপের ঘোষণা দিয়েছে এই গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়টি।

বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনে বিশেষ অবদানের কারণে বিশ্বজুড়ে পরিচিত এই প্রতিষ্ঠানটিকে অনেকেই ‘মধ্যপ্রাচ্যের এমআইটি’ বলে অভিহিত করেন।

স্কলারশিপের আওতায় সুযোগ-সুবিধা:
নির্বাচিত শিক্ষার্থীদের পড়াশোনা ও জীবনযাত্রার যাবতীয় খরচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে। এর মধ্যে রয়েছে:

আবেদন ফি: কোনো আবেদন ফি লাগবে না।

বার্ষিক ভাতা: বছরে প্রায় ২০ থেকে ৩০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪-৩৬ লাখ টাকা) লিভিং এলাউন্স।

আবাসন: আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বিনামূল্যে থাকার ব্যবস্থা।

চিকিৎসা: সম্পূর্ণ ফ্রি মেডিক্যাল ও ডেন্টাল সুবিধা।

ভ্রমণ: যাতায়াতের জন্য বিমান ভাড়া প্রদান।

আবেদনের যোগ্যতা:

মাস্টার্স ও পিএইচডি—উভয় প্রোগ্রামের জন্যই আবেদন করা যাবে।

মাস্টার্সের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

চমৎকার একাডেমিক ফলাফল এবং গবেষণার প্রতি প্রবল আগ্রহ থাকতে হবে।

এই স্কলারশিপ চলাকালীন অন্য কোনো প্রতিষ্ঠানের বৃত্তি গ্রহণ করা যাবে না।

প্রয়োজনীয় নথিপত্র:
আবেদনের সময় নিম্নোক্ত কাগজপত্রগুলো জমা দিতে হবে:
১. সকল একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
২. স্টেটমেন্ট অব পারপাস (গবেষণার পরিকল্পনা ও লক্ষ্য)।
৩. হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV)।
৪. পাসপোর্টের কপি।
৫. তিনটি সুপারিশপত্র (Recommendation Letters)।
৬. ইংরেজি দক্ষতার প্রমাণপত্র (TOEFL বা IELTS স্কোর)।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা:
আগ্রহী প্রার্থীগণ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য আবেদন জমা দেওয়ার শেষ সময় ১১ এপ্রিল ২০২৬।

উন্নত গবেষণাগার, বিশ্বখ্যাত শিক্ষক এবং উদ্ভাবনী পরিবেশের মাধ্যমে নিজের ক্যারিয়ারকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এটি একটি অসামান্য সুযোগ।