বাংলাদেশের শিক্ষা সংস্কারে সহযোগিতার আগ্রহ কেমব্রিজ ইউনিভার্সিটির

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৬

বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়ন, পাঠ্যক্রম সংস্কার এবং শিক্ষক প্রশিক্ষণ নিয়ে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহাদী আমিন।

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের ইন্টারন্যাশনাল এডুকেশনের ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়।

বৈঠকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, মূল্যায়ন পদ্ধতির উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং পাঠ্যক্রম সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।  প্রতিনিধি দল বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার আগ্রহ প্রকাশ করে।

তারা জানান, শিক্ষক প্রশিক্ষণ, সার্টিফিকেট কোর্স, আধুনিক শিক্ষণ-পদ্ধতিভিত্তিক প্রশিক্ষণ এবং স্কুল নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করতে আগ্রহী কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট।  পাশাপাশি প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমকে আরও কার্যকর ও যুগোপযোগী করা, ইংরেজি শিক্ষার মানোন্নয়ন এবং দক্ষতা উন্নয়ন কার্যক্রমে সহায়তার প্রস্তাবও তুলে ধরা হয়।

প্রতিনিধি দল বাংলাদেশের শিক্ষার্থীদের সম্ভাবনার উচ্চ প্রশংসা করে এবং প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে।  তারা বৈশ্বিক জ্ঞান, আন্তর্জাতিক মানদণ্ড এবং শিক্ষা সংস্কারের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করার আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে মাহাদী আমিন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের শিক্ষা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।  তিনি বলেন, শিক্ষাকে আরও বাস্তবমুখী, কর্মসংস্থানমুখী এবং শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি শিক্ষার সঙ্গে ক্রীড়া, সংস্কৃতি এবং সহশিক্ষা কার্যক্রমকে আরও গভীরভাবে যুক্ত করার পরিকল্পনার কথা উল্লেখ করেন।  পাশাপাশি বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি শিক্ষার সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

মাহাদী আমিন বলেন, শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নের জন্য দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক তৈরি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।  আন্তর্জাতিক অভিজ্ঞতা ও আধুনিক শিক্ষণ-পদ্ধতির সমন্বয়ে বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে।

বৈঠকের শেষে শিক্ষা খাতের উন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গঠনে পারস্পরিক সহযোগিতা এবং অংশীদারিত্বের ভিত্তিতে একসঙ্গে কাজ করার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

প্রতিনিধি দলে অরুণ রাজামানি, বিনয় শর্মা এবং সারওয়াত মাসুদা রেজাও উপস্থিত ছিলেন।