রাজশাহীর আমের তুলনা নেই, খুব মজা : মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৬
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর আম হাট পরিদর্শন করেছেন। এ সময় আমের স্বাদ গ্রহণ করে তিনি বলেন, “রাজশাহীর আমের তুলনা নেই, খুব মজা!”
মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টায় উত্তরাঞ্চলের অন্যতম বড় এই আমের হাটে পরিদর্শনে যান তিনি। এ সময় তার সঙ্গে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার চার্লস বেসনার্ডসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, রাষ্ট্রদূত হিসেবে রাজশাহীতে এটি তার প্রথম সফর। এর আগে ২০২০ সালে তিনি একবার এসেছিলেন। তবে এবার তিনি বিশেষভাবে আমের মৌসুমে এসেছেন আমের স্বাদ নেওয়ার জন্য।
তিনি বলেন, “এখানে আসতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমি রাজশাহীর আমের স্বাদ নিতে চেয়েছিলাম।”
রাষ্ট্রদূত আরও বলেন, তিনি যুক্তরাষ্ট্রের একটি কৃষিপ্রধান অঙ্গরাজ্য থেকে এসেছেন। তার মতে, কোনো পণ্য যেখানে উৎপাদিত হয়, সেখানে গিয়ে সেটি দেখা ও স্বাদ নেওয়ার অভিজ্ঞতার তুলনা হয় না। সেখানে সবচেয়ে তাজা ও সেরা পণ্য দেখার সুযোগ পাওয়া যায়।
বাংলাদেশের আম রপ্তানি প্রসঙ্গে ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, আমেরিকানরা আম খুব পছন্দ করে। তবে যুক্তরাষ্ট্রে সাধারণত হিমায়িত আম বেশি পাওয়া যায়, যা শেক তৈরিতে ব্যবহৃত হয়। তার মতে, যুক্তরাষ্ট্রে আম পাওয়া গেলেও রাজশাহীর মতো এত তাজা ও বৈচিত্র্যময় আম পাওয়া কঠিন।



