বাংলাদেশের ৫০০ শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে পাকিস্তান
জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৬
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বৃহস্পতিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে তার রাজনৈতিক পরামর্শক কামরান ধাঙ্গাল উপস্থিত ছিলেন। অন্যদিকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর অংশ নেন।
বৈঠক শেষে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভবিষ্যতমুখী সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে দুই দেশ কাজ করছে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিবাচক ধারায় এগিয়ে যাচ্ছে এবং বাণিজ্যিক সম্পর্কও সম্প্রসারিত হচ্ছে।
হাইকমিশনারের মতে, সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক ও বেসামরিক পর্যায়ে একাধিক সফর অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদল পাকিস্তান সফর করে দেশটির শিক্ষা ব্যবস্থার অগ্রগতি সম্পর্কে ইতিবাচক মতামত দিয়েছে।
বৈঠকে শিক্ষা খাতে সহযোগিতার বিষয়ও গুরুত্ব পায়। পাকিস্তান আগামী পাঁচ বছরে ধাপে ধাপে বাংলাদেশের ৫০০ শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়ার পরিকল্পনার কথা জানায়। এরই মধ্যে ৭৪ জন বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানে উচ্চশিক্ষার জন্য গেছেন বলে উল্লেখ করেন হাইকমিশনার।
এছাড়া দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মেধা বিনিময় এবং ‘নলেজ করিডোর’ প্রকল্পকে আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। পাকিস্তান সংসদীয় পর্যায়ে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে একটি পার্লামেন্টারি গ্রুপ গঠনের প্রস্তাবও দেয়।
বৈঠকের এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি পাকিস্তান সরকারের প্রতি ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
সংশ্লিষ্টদের মতে, এই বৈঠক বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষা, বাণিজ্য এবং কূটনৈতিক সহযোগিতা আরও জোরদারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।



