মালয়েশিয়ায় ইমিগ্রেশন পাসের শর্ত ভাঙায় শীর্ষে বাংলাদেশিরা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৬

মালয়েশিয়ায় ইমিগ্রেশন পাসের শর্ত লঙ্ঘনের ঘটনায় বিদেশি নাগরিকদের মধ্যে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ২০২৩ সাল থেকে ২০২৬ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশিদের বিরুদ্ধে এ ধরনের ৬ হাজার ৮৯৮টি ঘটনা নথিভুক্ত করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন থাইল্যান্ডের নাগরিকরা।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল গত ২৫ নভেম্বর দেশটির পার্লামেন্টে লিখিত জবাবে এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, একই সময়ে থাইল্যান্ডের নাগরিকদের বিরুদ্ধে ৪ হাজার ৮৫৬টি ইমিগ্রেশন পাসের শর্ত লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত হয়েছে। এ ছাড়া ইন্দোনেশিয়ার ২ হাজার ১৫৪, চীনের ১ হাজার ২০৭, ভিয়েতনামের ১ হাজার ৪৬, পাকিস্তানের ৮২৩, মিয়ানমারের ৫৩১, ভারতের ৫০০, নেপালের ৩২৮, লাওসের ১৭২ এবং ফিলিপাইনের ১৫৭টি ঘটনা রেকর্ড করা হয়েছে।

সব মিলিয়ে ২০২৩ সাল থেকে ২০২৬ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ও পাসের শর্ত লঙ্ঘনের ১৮ হাজার ৮৩৮টি ঘটনা নথিভুক্ত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সামাজিক ভ্রমণ পাস কিংবা ভিসামুক্ত সুবিধায় মালয়েশিয়ায় প্রবেশ করে কোনো বিদেশি নাগরিকের কাজ করা বা ব্যবসা পরিচালনার অনুমতি নেই। বৈধ ওয়ার্ক পারমিট ও প্রয়োজনীয় পাস ছাড়া বাণিজ্যিক কার্যক্রম এবং খুচরা ব্যবসা পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মালয়েশিয়ায় পর্যটক বা সামাজিক ভ্রমণ ভিসায় প্রবেশ করে কাজ কিংবা ব্যবসা পরিচালনা, অনুমোদিত কাজের বাইরে অন্য পেশায় যুক্ত হওয়া এবং ভিসার নির্ধারিত শর্ত ও মেয়াদ লঙ্ঘনের মাধ্যমে বিদেশিরা ইমিগ্রেশন পাসের নিয়ম ভাঙেন।

এদিকে, বিভিন্ন চেম্বার অব কমার্সের অভিযোগের পরিপ্রেক্ষিতে অবৈধ কাজ ও ব্যবসা বন্ধে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত দেশজুড়ে ৫ হাজার ৫৩টি অভিযান পরিচালনা করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। এসব অভিযানে বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগ দেওয়ার অভিযোগে ৮০১ জন নিয়োগকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযানের বিস্তারিত তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিশেষ অভিযান ‘অপারেসি সেলেরা’র আওতায় ৭৫৯টি অভিযান চালিয়ে ২ হাজার ৩৩৮ জনকে আটক করা হয়েছে। ‘অপারেসি বেলাঞ্জা’র ৪০৯টি অভিযানে আটক হয়েছেন ৫৮৯ জন। অন্যদিকে, ‘অপারেসি জাজা’র ৭৫টি অভিযানে আটক করা হয়েছে ৯০ জন অবৈধ অভিবাসীকে।

নিয়মিত অভিযানের পাশাপাশি অভিবাসন কর্মকর্তারা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে সার্বক্ষণিক নজরদারি ও পরিদর্শন চালাচ্ছেন। এ সময় প্রতিষ্ঠানগুলোর মালিক ও নিয়োগকর্তাদের অভিবাসন আইন মেনে চলার বিষয়ে সতর্ক করা হচ্ছে।

এ ছাড়া অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩ অনুযায়ী অপরাধী নিয়োগকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সব রাজ্যের অভিবাসন বিভাগকে অভিযান বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে।