থাইল্যান্ডের ভিসায় নতুন শর্ত, ৩১ আগস্ট থেকে কার্যকর

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৬

কারিগরি উন্নয়নের কারণে আগামী ৩০ আগস্ট (রবিবার) এক দিনের জন্য থাইল্যান্ডের ভিসা আবেদন প্রক্রিয়া বন্ধ থাকবে। বুধবার (২৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকায় অবস্থিত থাই দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, ই-ভিসা আবেদন পোর্টাল ও অর্থ পরিশোধের ব্যবস্থা হালনাগাদ করার কারণে ওই দিন সেবা বন্ধ থাকবে। পরদিন সোমবার (৩১ আগস্ট) থেকে দুটি সেবাই আবার চালু হবে।

দূতাবাস আরও জানিয়েছে, আগামী ৩১ আগস্ট থেকে পাঁচ বছর মেয়াদি থাইল্যান্ডের ডিটিভি ভিসার আবেদনের ক্ষেত্রে নিজ দেশের স্থায়ী ঠিকানার প্রমাণপত্র এবং পুলিশ ক্লিয়ারেন্স সনদ জমা দিতে হবে। সনদটি মূল ভাষার পাশাপাশি ইংরেজিতে অনুবাদ করা কপিও জমা দিতে হবে।

ডিটিভি ভিসা মূলত দীর্ঘমেয়াদি অবস্থানের জন্য দেওয়া একটি বহুপথে প্রবেশের ভিসা। কাজ, মুয়ে থাই প্রশিক্ষণ, থাই রান্নার প্রশিক্ষণ, ক্রীড়া প্রশিক্ষণ, গুরুতর ও চলমান চিকিৎসা, সেমিনার এবং সংগীত উৎসবে অংশ নিতে এই ভিসার আবেদন করা যায়।

ভিসার ফি দেওয়ার আগে ডিটিভি আবেদনের জন্য রয়্যাল থাই দূতাবাসের অনুমোদন প্রয়োজন হবে। ডিটিভি ভিসাধারীর স্বামী বা স্ত্রী এবং ২০ বছরের কম বয়সী নির্ভরশীল সন্তানও এই ভিসার জন্য আবেদন করতে পারবেন।

ডিটিভি ভিসার মাধ্যমে প্রতিবার থাইল্যান্ডে প্রবেশের পর সর্বোচ্চ ১৮০ দিন অবস্থান করা যায়। প্রতিবার অবস্থানের মেয়াদ আরও ১৮০ দিন পর্যন্ত বাড়ানো সম্ভব। ভিসার মেয়াদ থাকা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী একাধিকবার থাইল্যান্ডে প্রবেশ করা যাবে।