মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার ও সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হামলার ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। দিনের ব্যবধানে কখনো কমছে, আবার কখনো বাড়ছে গুরুত্বপূর্ণ এই জ্বালানির দাম।

শুক্রবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক সময় রাত ১টা ৪০ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৮ সেন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ কমে ৯৬ দশমিক ১৯ ডলারে দাঁড়ায়। এর আগে বৃহস্পতিবার ব্রেন্টের দাম প্রায় ২ ডলার বেড়েছিল। দিন শেষে প্রতি ব্যারেলের দাম ৬ নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৭৩ সেন্ট বা ২ দশমিক ০৭ শতাংশ বেড়ে ৮৫ দশমিক ৪১ ডলারে পৌঁছেছে।

তবে থ্যাংকসগিভিং ছুটির কারণে বৃহস্পতিবার ডব্লিউটিআইয়ের লেনদেনের আনুষ্ঠানিক নিষ্পত্তি হয়নি। এ কারণে সর্বশেষ বুধবারের নিষ্পত্তিমূল্যের সাথে তুলনা করে এ দাম বৃদ্ধির হিসাব করা হয়েছে।

হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা অব্যাহত রয়েছে।

সূত্র: রয়টার্স