থাই ই-ভিসায় নতুন নিয়ম, জমা দিতে হবে অতিরিক্ত দুই নথি

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬

থাইল্যান্ডের ই-ভিসা আবেদন ও পেমেন্ট সিস্টেমে সাময়িক বিরতি দেওয়া হয়েছে। সিস্টেম হালনাগাদের কারণে আগামী ৩০ আগস্ট ২০২৬, রোববার ই-ভিসা পোর্টালে কোনো আবেদন বা পেমেন্ট করা যাবে না। ৩১ আগস্ট থেকে আবার সেবা চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

একই দিন থেকে ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা (ডিটিভি) আবেদনকারীদের জন্য নতুন নিয়ম কার্যকর হবে। নতুন নিয়মে আবেদনকারীদের অতিরিক্ত দুটি নথি জমা দিতে হবে।

এর মধ্যে প্রথমটি হলো, যে দেশে আবেদনকারী ভিসার জন্য আবেদন করছেন, সেই দেশে তার স্থায়ী ঠিকানার প্রমাণপত্র। দ্বিতীয়টি হলো, আবেদনকারীর নিজ দেশ অথবা স্থায়ী বসবাসের দেশ থেকে দেওয়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা অপরাধমুক্ত থাকার সরকারি সনদ।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মূল ভাষার পাশাপাশি ইংরেজি অনুবাদসহ জমা দিতে হবে। নতুন নিয়ম কার্যকর হওয়ার পর অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ।

আবেদনকারীদের ভিসার আবেদন করার আগে প্রয়োজনীয় সব নথির তালিকা ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। ডিটিভির প্রয়োজনীয় নথি ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য থাইল্যান্ডের সরকারি ই-ভিসা ওয়েবসাইটে পাওয়া যাবে।

পর্যটন ও দীর্ঘমেয়াদি অবস্থানের জন্য ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা সাম্প্রতিক সময়ে বিদেশিদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। নতুন নথি বাধ্যতামূলক করার মাধ্যমে আবেদনকারীদের পরিচয় ও অপরাধসংক্রান্ত তথ্য যাচাই আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে থাই কর্তৃপক্ষ।

নতুন নিয়মের ফলে আবেদন প্রক্রিয়ায় অতিরিক্ত যাচাই যুক্ত হলেও কর্তৃপক্ষের আশা, এতে ভিসা আবেদন প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে এবং নিরাপত্তা যাচাই জোরদার করা সম্ভব হবে।