প্রবাসীদের ভোটের সুযোগ, নিবন্ধন ৬ ডিসেম্বর পর্যন্ত

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৬

কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসী ভোটাররা। এ জন্য আগে নিবন্ধিত প্রবাসী ভোটারদের কাছ থেকে ভোটদানের সম্মতি নেওয়া এবং নতুন ভোটারদের নিবন্ধনের সময় নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিশোরগঞ্জ-৩ আসনের যেসব প্রবাসী ভোটার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছিলেন, তাঁদের কাছে উপনির্বাচনে ভোটদানের সম্মতি চেয়ে নোটিফিকেশন পাঠানো হবে। ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে সম্মতি পাওয়া গেলে তাঁদের প্রবাসের ঠিকানায় ব্যালট পাঠানো হবে।

এ ছাড়া গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেননি, এমন প্রবাসী ভোটাররাও নতুন করে নিবন্ধনের সুযোগ পাবেন। তাঁদের ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপটিতে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট নেওয়া হবে স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে।

উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৮ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

ইসি সচিব জানিয়েছেন, এ উপনির্বাচনে প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও পোস্টাল ভোট দেওয়ার সুযোগ পাবেন।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কর্মকর্তা। এ ছাড়া আসনটির দুই উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে বিএনপির প্রার্থী ওসমান ফারুক বিজয়ী হয়েছিলেন। তাঁর পদত্যাগের পর আসনটি শূন্য হয়। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪৮ হাজার ৬২৪ জন।