ট্রাম্পের ভিসা ফি নীতি খারিজ, বড় রায় আমেরিকার আদালতের
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৬
আমেরিকায় বিদেশি দক্ষ কর্মীদের জন্য জনপ্রিয় এইচ-১বি (H-1B) ভিসার আবেদন ফি ১ লাখ মার্কিন ডলারে উন্নীত করার প্রস্তাব বাতিল করেছে দেশটির ফেডারেল আদালত। আদালতের এই রায়ে প্রস্তাবিত অতিরিক্ত ফি কার্যকর হচ্ছে না, যা আন্তর্জাতিক পেশাজীবী ও নিয়োগদাতাদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।
স্থানীয় সময় শুক্রবার (২৪ জুলাই) দেওয়া রায়ে আদালত জানায়, কংগ্রেসের অনুমোদন ছাড়া এত বড় অঙ্কের ফি নির্ধারণের সিদ্ধান্ত আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। ফলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া ওই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
এর আগে বোস্টনের ইউএস সার্কিট কোর্ট অব অ্যাপিলসও ভিসা ফি বৃদ্ধির সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। পরে ডেমোক্রেটপন্থী ২০ জন অ্যাটর্নি জেনারেল আদালতে যৌথভাবে এ নীতির বিরুদ্ধে মামলা করেন।
মামলায় বলা হয়, প্রস্তাবিত ফি কার্যকর হলে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং প্রযুক্তি খাতে বিদেশি দক্ষ কর্মী নিয়োগে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। বিশেষ করে শিক্ষক, গবেষক, চিকিৎসক ও প্রকৌশলীদের নিয়োগ ব্যাহত হওয়ার আশঙ্কা ছিল।
আদালতের রায়ের পর হোয়াইট হাউস জানিয়েছে, তারা বিষয়টি উচ্চতর আদালতে আপিল করার বিষয়টি বিবেচনা করছে।
এদিকে আদালতের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন আমেরিকায় কর্মসংস্থানের পরিকল্পনা করা বিদেশি পেশাজীবীরা। বিশেষ করে বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার দক্ষ কর্মীদের জন্য এটি স্বস্তির খবর বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



