গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন, পুড়ল অন্তত ১০টি যানবাহন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে থানা ভবন ও পুলিশের গাড়িসহ থানায় জব্দ করে রাখা অন্তত ১০টি যানবাহন পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মুকসুদপুর থানায় হামলা চালিয়ে আগুন দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বুধবার সন্ধ্যার পর থেকে থানা ভবনে কোনো পুলিশ সদস্য ছিলেন না। বৃহস্পতিবার সকালে লাঠিসোঁটা নিয়ে একদল নেতাকর্মী থানায় হামলা চালান। পরে থানা ভবন ও ভেতরে রাখা বিভিন্ন যানবাহনে আগুন ধরিয়ে দেন তারা।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। বুধবার সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা গেছে।
থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বিস্তারিত তথ্য এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



