দেশজুড়ে ককটেল-গ্রেনেড উদ্ধার, বিস্ফোরণ ও হামলার ঘটনা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬

দেশের বিভিন্ন স্থানে একের পর এক ককটেল ও গ্রেনেড উদ্ধার, বিস্ফোরণ এবং হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর ধানমণ্ডি ৩২ ও ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহীর শাহ্ মখদুম বিমানবন্দর এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসব ঘটনা ঘটে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন আহত হয়েছেন। টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন ও বিএনপি কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করেছে।

ধানমণ্ডি ৩২-এ ককটেল উদ্ধার

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা বাড়ির ফটকের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ককটেল দুটি নিষ্ক্রিয় করা হয়।

পুলিশ জানায়, বাড়িটির সামনে ককটেল দুটি পড়ে থাকতে দেখে কয়েকজন ব্যক্তি পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেয়। ইউনিটের সদস্যরা ককটেল দুটি উদ্ধার করে কলাবাগান মাঠে নিয়ে নিষ্ক্রিয় করেন।

উদ্ধার করা ককটেলের পাশে একটি চিরকুট পাওয়া যায়। তাতে লেখা ছিল, ‘জয় বাংলা, প্রজন্ম-৭১’। ধানমণ্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণে আহত ১

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে ককটেল বিস্ফোরণে সোহেল (৩৬) নামে এক প্রাইভেট কারচালক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। তাঁর বাড়ি কুমিল্লায়।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী শিক্ষার্থী আবরা ফয়সাল রাতুল জানান, ঘটনার সময় সোহেল গাড়ির ভেতরে বসে পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। এ সময় ওপর থেকে একটি ককটেল গাড়ির ওপর পড়ে। এতে গাড়ির কাচ ভেঙে বোমাটি ভেতরে প্রবেশ করে এবং সোহেল আহত হন।

পরে শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল আমিন জানান, তাঁদের পার্কিংয়ে গাড়িটি রাখা ছিল। বিস্ফোরণে শুধু চালক আহত হয়েছেন। ঘটনার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল প্রাং রতন বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

রাজশাহী বিমানবন্দরে দুটি গ্রেনেড উদ্ধার

রাজশাহীর শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশে ফুলগাছের ভেতর থেকে দুটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে এক পথচারী গ্রেনেড দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে প্রধান ফটক সাময়িকভাবে বন্ধ করে দেয়। পরে যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার জন্য বিকল্প হিসেবে মসজিদ গেট ব্যবহার করা হয়।

পরবর্তী সময়ে গ্রেনেড দুটি বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে নেওয়া হয়। সেখানে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা সেগুলো নিষ্ক্রিয় করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান জানান, যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা বিবেচনায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। কারা কী উদ্দেশ্যে গ্রেনেড দুটি সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, বিএনপি কার্যালয়ে হামলা

অন্যদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন ও উপজেলা বিএনপির কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, একদল দুর্বৃত্ত বিএনপি কার্যালয় লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

এসব ঘটনায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। জব্দ করা হয়েছে সাতটি মোটরসাইকেল। এ ছাড়া ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী জানান, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

একই দিনে দেশের বিভিন্ন স্থানে বিস্ফোরক উদ্ধার, বিস্ফোরণ ও হামলার এসব ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং এসবের পেছনের উদ্দেশ্য জানতে সংশ্লিষ্ট এলাকায় তদন্ত ও আইনগত কার্যক্রম চলছে।