মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর খরচ সর্বোচ্চ ২ লাখ টাকা: প্রধানমন্ত্রী
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া পুনরায় চালু করতে সরকার সক্ষম হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও বাংলাদেশি কর্মীদের অভিবাসন ব্যয় সহনীয় পর্যায়ে রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের তারকা চিহ্নিত সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রবাসে কর্মসংস্থানের জন্য যেসব বাংলাদেশি বিদেশে যাবেন, তাঁদের যাতায়াতসহ সার্বিক অভিবাসন ব্যয় কমিয়ে আনার বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর বন্ধ প্রক্রিয়া পুনরায় চালু করতে দেশটির সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আল্লাহর রহমতে সরকার এ প্রক্রিয়া পুনরায় চালু করতে সক্ষম হয়েছে।’
তিনি বলেন, শুধু মালয়েশিয়া নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও বাংলাদেশি কর্মীদের বিদেশযাত্রার ব্যয় দুই লাখ টাকার মধ্যে অথবা সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে কাজ করছে সরকার।
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের সমস্যা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সিন্ডিকেট ও কর্মীদের সঙ্গে প্রতারণার ঘটনা আগের সরকারের সময়ে প্রকট আকার ধারণ করেছিল। পলাতক স্বৈরাচারের সময় তাদের লোকজন বিদেশে পাঠানোর নাম করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে।
তিনি আরও বলেন, আগের সরকারের তৈরি করা সিন্ডিকেটের কারণে অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। কোনো কোনো দেশ কর্মী নেওয়া স্থগিত করেছিল, আবার কোনো কোনো ক্ষেত্রে প্রক্রিয়া ধীর করে দিয়েছিল।
এর আগে বুধবার বিকেল সোয়া ৪টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচি অনুযায়ী, প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত ছিল।
গত ৯ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সংক্ষিপ্ত এ অধিবেশন বুধবার প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।



