সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লক রেইড ও চিরুনি অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং নাশকতার অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় এ ধরনের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির গ্রেপ্তারের বিষয়ে নিয়াজ মেহেদী বলেন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।
গ্রেপ্তার দুজনকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি।



