সিলেটে দাঁড়িয়ে থাকা চার বাসে আগুন, ব্যাপক ক্ষতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬
সিলেট নগরের চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয় (ল কলেজ) এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করত।
স্থানীয়রা আগুন দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুন দেওয়ার তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন বলেন, কারা বা কী কারণে বাসগুলোতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী।



