হরমুজ প্রণালি ও ইরানের পারমাণবিক ইস্যুতে একমত যুক্তরাষ্ট্র-চীন

ডেল্টা আর্ন্তজাতিক

ডেল্টা আর্ন্তজাতিক

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬

ইরানের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়—এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীন দৃঢ়ভাবে একমত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে নির্বিঘ্নে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রেও দুই দেশের অভিন্ন স্বার্থ রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।

চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ট্রাম্প। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না—এ বিষয়ে তিনি ও শি চিনপিং অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখার বিষয়েও দুই দেশের স্বার্থ এক বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুটগুলোর অন্যতম এই প্রণালি নিয়ে দুই দেশের সহযোগিতার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও জ্বালানি নিরাপত্তার পাশাপাশি বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হয়েছে।

ট্রাম্প জানান, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধের অবসানে তিনি এবং চীনা প্রেসিডেন্ট শি চিনপিং উভয়ই সহযোগিতা করতে আগ্রহী।