শিশুদের যৌন নির্যাতনের ছবি ছড়ানোর অভিযোগ

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬

ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব সাসেক্স মেগান মার্কেলের বাবা থমাস মার্কেলের বিরুদ্ধে শিশুদের যৌন নির্যাতনের ছবি ও ভিডিও সংরক্ষণ এবং অনলাইনে ছড়ানোর অভিযোগে মামলা হয়েছে। বুধবার ফিলিপাইনের পুলিশ এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনে জমা দেওয়া অভিযোগের ভিত্তিতে সরকারি আইনজীবীরা এখন প্রমাণগুলো পরীক্ষা করবেন। এরপর থমাস মার্কেলের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ আনা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর দুই সপ্তাহেরও কম সময় আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে গ্রেপ্তার হন থমাস মার্কেল। শিশুদের যৌন নির্যাতনের ছবি ও ভিডিও নিজের কাছে রাখার অভিযোগে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনে মামলা হয়েছে। এসব ছবির মধ্যে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সাথে তাকে দেখা যাওয়ার অভিযোগও রয়েছে।

তবে থমাস মার্কেল এসব অভিযোগ অস্বীকার করেছেন। ডেইলি মেইলকে তিনি বলেছেন, অভিযোগগুলো সত্য নয়। এগুলোকে তিনি ‘অসুস্থ মানুষের বানানো মিথ্যা’ বলে উল্লেখ করেছেন।

ফিলিপাইনের পুলিশ জানিয়েছে, গত মাসে শিশুদের যৌন নির্যাতনের ছবি ও ভিডিও সংরক্ষণ এবং ছড়িয়ে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্ত শেষে সোমবার সেবু প্রদেশের সরকারি আইনজীবীর কার্যালয়ে অভিযোগ জমা দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার আগে কিছুদিন ফিলিপাইনের সেবুতে বসবাস করেছিলেন থমাস মার্কেল। পুলিশ জানিয়েছে, অনলাইনে শিশুদের যৌন নির্যাতন ও শোষণবিরোধী ফিলিপাইনের আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

এদিকে ফিলিপাইনে থাকা থমাস মার্কেলের ছেলে ও মেগানের সৎভাই থমাস মার্কেল জুনিয়র কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস পুলিশের কাছে জমা দিয়েছেন। সেগুলোর ফরেনসিক পরীক্ষা চলছে। এসব ডিভাইস থেকে মামলার পক্ষে আরও তথ্যপ্রমাণ পাওয়া যেতে পারে। প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে নতুন অভিযোগও আনা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

২০১৮ সালে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারিকে বিয়ে করেন মেগান মার্কেল। তবে বিয়ের আগেই বাবার সাথে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ ঘটনা নিয়ে মেগান বলেছেন, তিনি গভীরভাবে মানসিকভাবে বিপর্যস্ত।