দরজার বাইরে তালেবান, ঘরের ভেতরেই স্বপ্ন বাঁচানোর লড়াই আফগান নারীদের
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬
আফগানিস্তানের রাজধানী কাবুলের ব্যস্ত সড়কগুলোতে প্রতিদিনের মতোই মানুষের চলাচল। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও শহরের অলিগলিতে চলছে এক নীরব প্রতিরোধ। কোনো বাড়ির দরজা বন্ধ করে মেয়েদের পড়ানো হচ্ছে, কোথাও গোপনে চলছে নারীদের বিউটি সেলুন, আবার কোনো বাড়ির ছোট উঠানে ছেলেদের ফুটবল শেখাচ্ছেন এক নারী। তালেবানের কঠোর নিষেধাজ্ঞা ও গ্রেপ্তারের ভয় উপেক্ষা করে নিজেদের অস্তিত্ব এবং স্বপ্ন টিকিয়ে রাখার চেষ্টা করছেন আফগান নারীরা।
২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিদেশি সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর থেকেই দেশটিতে নারীদের শিক্ষা, চাকরি, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
প্রাথমিক স্তরের পর মেয়েদের সাধারণ শিক্ষা কার্যত বন্ধ। ইসলামি ধর্মীয় শিক্ষা ও ভাষা শেখার কিছু সুযোগ ছাড়া উচ্চশিক্ষার পথও বন্ধ তাদের জন্য। পার্ক ও ব্যায়ামাগারে যাওয়া নিষিদ্ধ করার পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে বিউটি সেলুন। অধিকাংশ পেশায় কাজের সুযোগ থেকেও বঞ্চিত নারীরা।
তালেবানের এসব বিধিনিষেধ বাস্তবায়ন করে দেশটির নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়ের নৈতিকতা পুলিশ। সাদা পোশাকে রাস্তায় টহল দেওয়া এসব কর্মকর্তার বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগে নারীদের আটক ও মারধরের অভিযোগ রয়েছে।
তবে এত বাধার মধ্যেও থেমে নেই নারীদের লড়াই। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে উঠে এসেছে কাবুলের তিন নারীর জীবনসংগ্রামের গল্প। গ্রেপ্তারের আশঙ্কায় তাদের কেউই নিজেদের পরিচয় প্রকাশ করতে চাননি।
গোপনে বিউটি সেলুন, সাত নারীর জীবিকার ভরসা
তাদের একজন ৪০ বছর বয়সী নারী। কয়েক বছর ধরে কাবুলের একটি বিউটি সেলুনে কাজ করতেন তিনি। সেলুন বন্ধের নির্দেশ আসার পর জীবিকার পথ হারিয়ে হতাশ হয়ে পড়েন। তার ভাষায়, আফগানিস্তানে নারীদের জন্য আনন্দ বা স্বস্তির আর কোনো জায়গা অবশিষ্ট নেই। কাজ করাটাও যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে।
কিন্তু সংসারের খরচ মেটানো এবং স্বামীর বেকারত্বের মধ্যে পরিবারকে বাঁচাতে গোপনে নিজের সেলুন চালু করেন তিনি। বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে সাজসজ্জার চাহিদা থাকায় দ্রুত প্রায় ৩০ জন গ্রাহক জোগাড় হয়।
কিন্তু একদিন সেখানে অভিযান চালিয়ে সব সরঞ্জাম ও আসবাবপত্র নিয়ে যায় কর্তৃপক্ষ। ভেঙে পড়লেও হাল ছাড়েননি ওই নারী। নতুন একটি বাসা ভাড়া নিয়ে আবারও সেলুন চালু করেন।
বর্তমানে সেখানে সাতজন তরুণী কাজ করছেন। তাদের আয়ের ওপর নির্ভর করছে পরিবারগুলোর জীবনযাপন। তবে প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হয় তাকে। দরজায় কড়া নাড়ার শব্দ শুনলেই মনে হয়, বাইরে তালেবান সদস্যরা দাঁড়িয়ে আছেন।
জাতীয় দলে খেলার স্বপ্ন ভেঙে, এখন ফুটবল শেখান শিশুদের
আরেক নারী একসময় আফগানিস্তানের জাতীয় নারী ফুটবল দলে খেলার সুযোগ পেয়েছিলেন। কৈশোরের স্বপ্নজুড়ে ছিল ফুটবল। কিন্তু নারীদের খেলাধুলায় নিষেধাজ্ঞা তার সেই স্বপ্ন ভেঙে দেয়।
বিষণ্নতায় প্রায় ছয় মাস ঘর থেকে বের হননি তিনি। পরে বাড়িতেই ফুটবল অনুশীলন শুরু করেন। পুরোনো গাড়ির টায়ার দিয়ে তৈরি করেন বক্সিংয়ের পাঞ্চিং ব্যাগ।
এখন নিজের বাড়ির ছোট উঠানে একদল কিশোরকে ফুটবল শেখান তিনি। তাদের মধ্যে নিজের শৈশবের স্বপ্ন দেখতে পান। তবে আফগানিস্তানে নিজের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী নন এই নারী। তার কথায়, ‘আফগানিস্তানে আমার জন্য কোনো আশা দেখি না। আমাদের সামনে কোনো দরজা খোলা নেই।’
নিজের বাড়িতেই গোপন স্কুল, শিক্ষার্থী প্রায় ৩০
মাত্র ২০ বছর বয়সেই আরেক নারী নিজের ছোট বোনকে সাথে নিয়ে বাড়িতে গড়ে তুলেছেন গোপন স্কুল। সেখানে প্রায় ৩০ জন শিক্ষার্থী পড়াশোনা করে। তাদের মধ্যে ২০ বছর বয়সী তরুণীও রয়েছেন।
ইতিহাস, বিজ্ঞান, ভূগোল, গণিত, ভাষা ও কোরআন শিক্ষা দেওয়া হয় সেখানে। শিক্ষার্থীদের যাতে সন্দেহের মুখে পড়তে না হয়, সে জন্য আলাদা আলাদা সময়ে স্কুলে আসতে হয়।
বাড়ির একটি কক্ষকে শ্রেণিকক্ষ বানিয়ে মেঝেতে বসে পড়াশোনা করে শিক্ষার্থীরা। দেয়ালে রঙিন ছবি আর ছোট ছোট প্লাস্টিকের টেবিল সাজিয়ে সাধারণ একটি স্কুলের পরিবেশ তৈরির চেষ্টা করেছেন দুই বোন। তাদের কারও পেশাগত শিক্ষকতার প্রশিক্ষণ নেই। নিষেধাজ্ঞার আগে নিজেদের অর্জিত জ্ঞান দিয়েই মেয়েদের পড়াশোনার সুযোগ করে দিচ্ছেন তারা।
ওই তরুণীর ভাষায়, ক্রমাগত বিষণ্নতায় ভুগতে ভুগতেই তিনি স্কুলটি চালুর সিদ্ধান্ত নেন। মেয়েদের মধ্যে আশার সঞ্চার করা এবং তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়াই তার উদ্দেশ্য।
তবে এই উদ্যোগের প্রতিটি দিনই ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় তালেবান সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে পারেন—এমন আতঙ্কে থাকতে হয় শিক্ষক ও শিক্ষার্থীদের।
নারীদের অধিকার নিয়ে তালেবানের আশ্বাস, বাস্তবে অগ্রগতি নেই
এদিকে নারীদের শিক্ষার ওপর নিষেধাজ্ঞা নিয়ে তালেবান সরকারের পক্ষ থেকে সমাধানের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে অগ্রগতির কোনো লক্ষণ নেই।
গত আগস্টে সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছিলেন, শিক্ষাব্যবস্থার যেসব ক্ষেত্রে ঘাটতি রয়েছে, সেগুলো সমাধানে কাজ চলছে।
অন্যদিকে দেশটির নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আসলাম বাদরিওয়াল দাবি করেছেন, ইসলামি শরিয়াহ ও প্রচলিত আইন মেনেই নারীদের অধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তবে কাবুলের গোপন স্কুল, বিউটি সেলুন কিংবা বাড়ির ছোট উঠানে ফুটবল অনুশীলনের দৃশ্য ভিন্ন বাস্তবতার কথা তুলে ধরছে। নিষেধাজ্ঞা, গ্রেপ্তারের ভয় ও অনিশ্চয়তার মধ্যেও আফগান নারীরা নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে নীরবে লড়াই চালিয়ে যাচ্ছেন।



