সৌদিতে চাকরি পরিবর্তনে চার শর্ত জানাল কিওয়া

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২৬

সৌদি আরবে প্রবাসী কর্মীদের চাকরি বা নিয়োগকর্তা পরিবর্তনের ক্ষেত্রে চারটি গুরুত্বপূর্ণ শর্তের কথা জানিয়েছে দেশটির কিওয়া প্ল্যাটফর্ম। এসব শর্তের মধ্যে রয়েছে বৈধ ইকামা ও ওয়ার্ক পারমিট থাকা এবং নতুন চাকরির চুক্তিতে কর্মীর সম্মতি।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, চাকরি পরিবর্তনের জন্য কর্মীর বৈধ ইকামা থাকতে হবে। শুধু বর্ডার নম্বর ব্যবহার করে এ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না। পাশাপাশি কর্মীর বৈধ ওয়ার্ক পারমিটও থাকতে হবে।

চূড়ান্ত এক্সিট ভিসা কার্যকর থাকলে বা এর মেয়াদ শেষ হয়ে গেলে সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী চাকরি পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে আবেদন ও নতুন চুক্তি অনুমোদনে কর্মীর সম্মতি বাধ্যতামূলক।

এ ছাড়া পেশার নাম পরিবর্তনের ক্ষেত্রে নিয়োগকর্তাকে চুক্তি সংশোধনের আবেদন করতে হবে। আবেদন পাওয়ার পর কর্মীকে ১০ দিনের মধ্যে সেটি অনুমোদন করতে হবে।

নতুন এসব শর্তের কারণে সৌদি আরবে কর্মরত প্রবাসীদের চাকরি পরিবর্তনের আগে নিজেদের ইকামা ও ওয়ার্ক পারমিটের বৈধতা যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে নিজের সম্মতি ছাড়া চুক্তি পরিবর্তন করা হচ্ছে কি না, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।