বাংলাদেশ থেকে বিনা খরচে কর্মী নেবে জাপান
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৬
বাংলাদেশ থেকে বিনা খরচে কর্মী নিয়োগ এবং দক্ষ জনশক্তি উন্নয়নের লক্ষ্যে জাপানের সাথে নতুন সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে আগামী ৮ ডিসেম্বর জাপানের আন্তর্জাতিক জনশক্তি উন্নয়ন সংস্থা আইএম জাপানের (IM Japan) সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের দিন নির্ধারণ করা হয়েছে।
গত ১৯ নভেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সচিব মো. মোখতার আহমেদের সাথে আইএম জাপানের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় আলোচনা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে জাপানে কর্মী নিয়োগ, দক্ষ জনশক্তি তৈরি এবং নতুন নিয়োগব্যবস্থা বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে জাপানের নতুন কর্মী নিয়োগব্যবস্থার আলোকে প্রস্তাবিত ইএসডি (Employment for Skill Development) সমঝোতা স্মারক পর্যালোচনা করা হয়। পাশাপাশি আন্তমন্ত্রণালয় পর্যায়ে প্রয়োজনীয় আলোচনা ও সমন্বয়, বাংলাদেশ থেকে বিনা খরচে কর্মী নিয়োগের চুক্তি এবং এর বাস্তবায়নপ্রক্রিয়া নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় জানানো হয়, জাপানের নতুন নিয়ম অনুযায়ী আগামী ১ এপ্রিল ২০২৭ থেকে নতুন কর্মী নিয়োগ ও সংশ্লিষ্ট ভিসাব্যবস্থার কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে আইএম জাপান ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সাথে চারটি পৃথক চুক্তি সম্পাদনের উদ্যোগ নেওয়া হয়েছে।
উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে আগামী ৮ ডিসেম্বর সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের দিন নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে আইএম জাপানের জেনারেল ম্যানেজার হিদেয়াকি উচিদা জানান, অনুষ্ঠানে সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান হিতোসি কানামোরি সরাসরি অংশ নেবেন। তাঁর অংশগ্রহণে দুই দেশের মধ্যে জনশক্তি উন্নয়ন ও কর্মসংস্থান সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘমেয়াদি জনশক্তি উন্নয়ন ও কর্মসংস্থান সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে। বিশেষ করে জাপানের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও প্রশিক্ষিত কর্মী তৈরি, ভাষা ও কারিগরি প্রশিক্ষণ এবং স্বচ্ছ নিয়োগব্যবস্থা প্রতিষ্ঠায় এ সমঝোতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের তরুণদের জন্য জাপানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে কর্মী নিয়োগের নির্দিষ্ট যোগ্যতা, আবেদনের নিয়ম, নিয়োগপ্রক্রিয়া এবং অন্যান্য শর্ত এখনো বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি।
তাই চুক্তি স্বাক্ষরের পর সরকারি নির্দেশনা ও নিয়োগসংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। নিয়োগের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ দাবি করলে তার বৈধতা যাচাই না করে টাকা না দেওয়ার বিষয়েও সতর্ক থাকা জরুরি।



