চীনের আদলে ৯ পলিটেকনিক ইনস্টিটিউট আধুনিক করবে সরকার

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২৬

দেশের ৯টি পলিটেকনিক ইনস্টিটিউটকে চীনের আদলে আধুনিক করে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং বিদেশে কর্মরত বাংলাদেশিদের আয় বাড়াতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (২০ নভেম্বর) মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিদেশে যাওয়ার আগে কর্মীরা কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ নিলে তাঁদের কর্মদক্ষতা বাড়বে এবং বেশি আয়ের সুযোগ তৈরি হবে। এ জন্য বিদেশগামীদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকার কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ জন্য বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। ভবিষ্যতে মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটকেও আধুনিকায়ন করা হবে।

শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে একাধিক ভাষা জানা প্রয়োজন। এ ছাড়া সারা দেশে জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয় দূর করতে নতুন প্রকল্প নেওয়া হচ্ছে।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. বদরুদ্দোজা, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফ উল্লাহ এবং গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া বক্তব্য দেন।