কুয়েতে ইরাক যুদ্ধের সময় পুঁতে রাখা মাইনে বাংলাদেশির মৃত্যু
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২৬
কুয়েতের আল-সালমি মরুভূমিতে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম ও পরিচয় জানা যায়নি। ১৯৯০ সালে ইরাকের আগ্রাসনের সময় পুঁতে রাখা মাইনে পা দেওয়ার পর এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যমে ২০ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মরুভূমিতে চলাচলের সময় ওই বাংলাদেশি অসাবধানতাবশত ল্যান্ডমাইনের ওপর পা রাখেন। এতে বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বাহিনী, ফরেনসিক তদন্তকারী দল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় দেশটির ডেপুটি অ্যাটর্নি জেনারেলও ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিস্ফোরণের পর আশপাশের এলাকায় তল্লাশি চালাতে সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ দল মোতায়েন করা হয়। সেখানে আরও কোনো অবিস্ফোরিত মাইন বা বিস্ফোরক রয়েছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে।
এদিকে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলাদেশি নাগরিকের মৃত্যুর খবর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্ত ও বিস্তারিত তথ্য সংগ্রহে দূতাবাস কাজ করছে।



