রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, শীর্ষে সৌদি আরব
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৬
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বাংলাদেশে আসা মোট প্রবাসী আয়ের ৮৫ দশমিক ২৮ শতাংশ এসেছে শীর্ষ ১০টি দেশ থেকে। এ সময়ে এসব দেশ থেকে প্রবাসীরা পাঠিয়েছেন ৯৭৭ কোটি ৮৭ লাখ ডলার। এর মধ্যে শুধু সৌদি আরব থেকেই এসেছে ২১৯ কোটি ৮৫ লাখ ডলার, যা মোট প্রবাসী আয়ের প্রায় ১৯ দশমিক ২ শতাংশ।
শীর্ষ ১০ দেশের মধ্যে পাঁচটিই মধ্যপ্রাচ্যের। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান ও কাতার থেকে চার মাসে এসেছে ৪৮৮ কোটি ৬৬ লাখ ডলার। অর্থাৎ দেশের মোট প্রবাসী আয়ের ৪২ দশমিক ৬ শতাংশ এসেছে মধ্যপ্রাচ্যের এই পাঁচ দেশ থেকে। ফলে অঞ্চলটিতে চলমান সংঘাত দীর্ঘায়িত হলে বাংলাদেশের প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রার সরবরাহে দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
যেসব দেশ থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে
দেশভিত্তিক হিসাবে প্রবাসী আয় পাঠানোর তালিকায় প্রথম অবস্থানে রয়েছে সৌদি আরব। দেশটি থেকে চার মাসে এসেছে ২১৯ কোটি ৮৫ লাখ ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে এসেছে ১৬১ কোটি ৬৬ লাখ ডলার। তৃতীয় স্থানে থাকা আমেরিকা থেকে এসেছে ১০৫ কোটি ৩৫ লাখ ডলার। চতুর্থ অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ১০২ কোটি ৬৬ লাখ ডলার।
তালিকার পঞ্চম স্থানে রয়েছে মালয়েশিয়া। দেশটি থেকে প্রবাসীরা পাঠিয়েছেন ৯০ কোটি ২০ লাখ ডলার। এরপর ইতালি থেকে ৭৬ কোটি ৯৫ লাখ, কুয়েত থেকে ৬১ কোটি ৪৫ লাখ, ওমান থেকে ৫৫ কোটি ২০ লাখ, সিঙ্গাপুর থেকে ৫৫ কোটি ৫ লাখ এবং কাতার থেকে ৪৯ কোটি ৫০ লাখ ডলার এসেছে।
পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের প্রবাসী আয়ের বড় অংশ এখনো মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকার কয়েকটি গুরুত্বপূর্ণ শ্রমবাজারের ওপর নির্ভরশীল। বিশেষ করে সৌদি আরবের অবদান অন্য যেকোনো একক দেশের তুলনায় বেশি।
সংঘাত দীর্ঘায়িত হলে প্রভাব পড়তে পারে
এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, সৌদি আরবের সংকটের কারণে তাৎক্ষণিকভাবে প্রবাসী আয় কমে যাওয়ার আশঙ্কা তুলনামূলক কম। কারণ, নতুন কর্মীরা বিদেশে যাওয়ার পর উল্লেখযোগ্য পরিমাণ অর্থ দেশে পাঠাতে সাধারণত কিছুটা সময় নেন।
তবে সংকট দীর্ঘায়িত হলে সৌদি আরবের অর্থনীতি, বিনিয়োগ ও শ্রমিকের চাহিদা ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে নির্মাণ খাতে কর্মসংস্থান কমে গেলে বাংলাদেশি কর্মীদের আয়েও প্রভাব পড়বে।
জাহিদ হোসেন বলেন, তেলের দাম বেড়ে গেলে সৌদি আরবের রাজস্ব বাড়তে পারে। এতে দেশটির বিনিয়োগ ও কর্মসংস্থানের চাহিদা ধরে রাখার সুযোগ তৈরি হতে পারে। ফলে সংঘাতের প্রভাব কতটা পড়বে, তা নির্ভর করবে সংকটের স্থায়িত্ব এবং সৌদি আরবের অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর।
চার মাসে মোট প্রবাসী আয় ১১৪৬ কোটি ডলার
বাংলাদেশ ব্যাংকের দেশভিত্তিক প্রবাসী আয়ের সর্বশেষ পরিসংখ্যান বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই-অক্টোবর সময়ে দেশে মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ডলার। শীর্ষ ১০ দেশের তালিকায় অবস্থানের কিছুটা পরিবর্তন হলেও নতুন কোনো দেশ যুক্ত হয়নি।
মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, শীর্ষ ১০ দেশ থেকে জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল ২৪৬ কোটি ৬৫ লাখ ডলার। আগস্টে তা বেড়ে ২৫১ কোটি ৫৫ লাখ ডলারে দাঁড়ায়। সেপ্টেম্বরে কমে ২৩৪ কোটি ৫ লাখ ডলারে নেমে এলেও অক্টোবরে আবার বেড়ে হয়েছে ২৪৫ কোটি ৬২ লাখ ডলার। অর্থাৎ সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে এসব দেশ থেকে প্রবাসী আয় বেড়েছে ১১ কোটি ৫৮ লাখ ডলার।



