শ্রমবাজারের চাহিদা বুঝে শিক্ষাব্যবস্থা সাজানোর তাগিদ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৬
দেশ ও বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র্যাঙ্কিংয়ে অবস্থান উন্নত করার ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান এম এ কাশেমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি এসব আহ্বান জানান বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব মো. সরওয়ার আলম।
প্রতিনিধি দলে আরও ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ ও রেহানা রহমান এবং উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
সাক্ষাৎকালে প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে। তারা জানায়, আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এনএসইউ যৌথ গবেষণা, একাডেমিক বিনিময় ও উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত রয়েছে। বিশ্ববিদ্যালয়টির প্রায় ৯৫ শতাংশ স্নাতক দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন বলেও প্রতিনিধি দল জানায়।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতা, উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন ও গবেষণাভিত্তিক জ্ঞানচর্চার বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। পূর্বাচলে ৪০০ বিঘা জমির ওপর বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনার বিষয়েও রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।
এ সময় রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে। দেশের শিক্ষার্থীদেরও এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, যে শিক্ষাব্যবস্থা বেকারত্ব সৃষ্টি করে এবং কর্মের উপযোগী নয়, তা থেকে ক্রমান্বয়ে বেরিয়ে আসতে হবে।
সাক্ষাৎকালে এনএসইউর আসন্ন ২৭তম সমাবর্তনে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান প্রতিনিধি দলের সদস্যরা। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৩ সালের ১০ ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।



