ওমানে সরকারি ছুটির দিনে কাজ করলে মিলবে বাড়তি বেতন
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৬
ওমানে সরকারি ছুটির দিনে কাজ করলেও কর্মীরা পাবেন বাড়তি বেতন অথবা ক্ষতিপূরণ হিসেবে এক দিনের ছুটি। দেশটির শ্রমিকদের অধিকারসংক্রান্ত গুরুত্বপূর্ণ এ বিধানের বিষয়টি আবারও সামনে এনেছে জেনারেল ফেডারেশন অব ওমান ওয়ার্কার্স।
দ্য অ্যারাবিয়ান স্টোরিজের ২৩ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ওমানের শ্রম আইন অনুসারে সরকারি ছুটির দিনে কোনো কর্মীকে দিয়ে কাজ করানো হলে তাঁকে স্বাভাবিক দৈনিক মজুরির পাশাপাশি মূল দৈনিক বেতনের সমপরিমাণ অতিরিক্ত অর্থ দিতে হবে। বিকল্প হিসেবে প্রতিটি ছুটির দিনের জন্য এক দিন ক্ষতিপূরণমূলক ছুটি দেওয়া যাবে।
তবে সরকারি ছুটির দিনে কর্মীকে দিয়ে কাজ করানোর আগে তাঁর সম্মতি নিতে হবে। আইন অনুযায়ী স্বীকৃত সরকারি ছুটির দিনগুলোতে কর্মীরা পূর্ণ বেতন পাওয়ার অধিকারী। বেসরকারি প্রতিষ্ঠানে কাজের প্রয়োজনে ছুটির দিনে কর্মী নিয়োগের ক্ষেত্রে আগেই লিখিত নোটিশ দেওয়ার বিধানও রয়েছে।



