বিনা খরচে মালয়েশিয়ায় গেলেন ১১২ কর্মী, বিদায় জানালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৬

বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় চাকরি করতে যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী। বৃহস্পতিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে তাঁদের বিদায় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কর্মীদের হাতে ক্রেস্ট তুলে দেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিমানবন্দরে পৌঁছে কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে তাঁদের মালয়েশিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক সকালে এক সংবাদ সম্মেলনে জানান, মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে কর্মীরা মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত বা প্রায় ৫২ হাজার টাকা মূল বেতনে কাজ করবেন। তাঁদের চাকরির চুক্তির মেয়াদ তিন বছর। তবে চুক্তি নবায়নের সুযোগ রয়েছে।

নিয়োগকর্তা কর্মীদের আবাসন ও চিকিৎসাসুবিধা দেবে।

কর্মী পাঠানোর এ কর্মসূচিতে ‘শূন্য মানে শূন্য’ নীতি অনুসরণ করা হচ্ছে। পাসপোর্ট, মেডিক্যাল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, কল্যাণ বোর্ডের ফি, প্রশিক্ষণ, বীমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের জনপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা খরচ বহন করছে নিয়োগকর্তা। এ ছাড়া ভিসা ও বিমান টিকিটের খরচও দিচ্ছে প্রতিষ্ঠানটি।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, এ ব্যবস্থায় প্রত্যেক কর্মীর আনুমানিক দুই লাখ টাকা সাশ্রয় হচ্ছে। ১১২ কর্মীর ক্ষেত্রে মোট সাশ্রয়ের পরিমাণ প্রায় দুই কোটি ১০ লাখ টাকা।

তিনি আরও জানান, পুরো নিয়োগ প্রক্রিয়া ছিল দালালমুক্ত ও স্বচ্ছ। অনলাইনে আবেদন করা ৪ হাজার ৩৯ জনের মধ্য থেকে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে প্রকাশ্য ই-লটারির মাধ্যমে ৩০০ জনকে বাছাই করা হয়। পরে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করা হয়।

বোয়েসেল জানিয়েছে, মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদা পাওয়া গেছে। প্রতিষ্ঠানগুলো হলো ডিএইচএল, টপ গ্লোভ, তাতাওয়া ইন্ডাস্ট্রি ও ইউনাইটেড প্ল্যান্টেশন।

সরকারি এ কর্মসূচির আওতায় বিদেশ যেতে কাউকে কোনো টাকা না দেওয়ার আহ্বান জানিয়েছে বোয়েসেল। সংস্থাটির নামে কেউ অর্থ দাবি করলে সেটিকে প্রতারণা হিসেবে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে। নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি শুধু বোয়েসেলের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।