২০২৭ সালে পর্যটকদের পছন্দে থাকতে পারে যে ১১ নতুন অভিজ্ঞতা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৬
ভ্রমণ মানেই শুধু নতুন কোনো জায়গায় যাওয়া নয়; বরং গন্তব্যে গিয়ে কী ধরনের অভিজ্ঞতা পাওয়া যাচ্ছে, সেটিও ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রযুক্তির ব্যবহার বাড়লেও ভ্রমণকারীদের মধ্যে মানুষের সাথে সরাসরি যোগাযোগ, স্থানীয় সংস্কৃতি জানা, নতুন শখ পূরণ এবং প্রকৃতির কাছাকাছি থাকার আগ্রহ বাড়ছে। এসব বিবেচনায় ২০২৭ সালে ভ্রমণজগতে ১১টি নতুন প্রবণতা দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি ও ফোর্বসের বিভিন্ন পর্যবেক্ষণ এবং আন্তর্জাতিক পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পূর্বাভাসে উঠে এসেছে এসব প্রবণতা। রহস্যময় গন্তব্যে ভ্রমণ থেকে শুরু করে এক রাতের ছুটি, নাগরিক বিজ্ঞানে অংশগ্রহণ এবং পরিবেশবান্ধব বিলাসবহুল ভ্রমণ—বিভিন্ন বিষয় আগামী বছরের পর্যটনকে প্রভাবিত করতে পারে।
১. কল্পনার জগতের মতো গন্তব্যে ভ্রমণ
২০২৭ সালে রহস্যময় ও কল্পনাপ্রসূত জায়গায় ভ্রমণের আগ্রহ বাড়তে পারে। প্রাচীন ধ্বংসাবশেষ, তারাভরা আকাশ দেখার উপযোগী স্থান এবং পুরাণ ও লোককাহিনিতে ঘেরা গন্তব্য পর্যটকদের আকর্ষণ করবে।
অনলাইন ভ্রমণ বুকিং প্রতিষ্ঠান বুকিং ডটকমের ২০২৭ সালের ভ্রমণবিষয়ক পূর্বাভাস জরিপে অংশ নেওয়া ৬৫ শতাংশ ভ্রমণকারী ভৌতিক ইতিহাস ও অতিপ্রাকৃত অভিজ্ঞতার সাথে সম্পর্কিত জায়গায় যাওয়ার আগ্রহ জানিয়েছেন। দৈনন্দিন জীবনের বাইরে সম্পূর্ণ ভিন্ন পরিবেশে সময় কাটানোর আকাঙ্ক্ষা এ প্রবণতার অন্যতম কারণ।
২. দলগত ভ্রমণে বাড়বে মানসিক সুস্থতার গুরুত্ব
বন্ধুদের সাথে দল বেঁধে ভ্রমণের ধরনেও পরিবর্তন আসছে। শুধু বিনোদন নয়, এসব ভ্রমণে গুরুত্ব পাচ্ছে মানসিক সুস্থতা, আত্ম-অনুসন্ধান এবং পারস্পরিক সম্পর্কের গভীরতা।
একসাথে হাঁটা, ক্যাম্পিং কিংবা খাবার খাওয়ার মধ্য দিয়ে নিজেদের অনুভূতি ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে। বিশেষ করে পুরুষদের মধ্যে একাকিত্ব, কর্মক্ষেত্রের চাপ ও ব্যক্তিজীবনের ভারসাম্য নিয়ে খোলামেলা আলোচনার পরিবেশ তৈরি করছে এ ধরনের ভ্রমণ।
৩. ছুটিতে ফিরবে শৈশবের আনন্দ
ব্যস্ততা ও দায়িত্বের চাপ থেকে মুক্তি পেতে অনেকে ছুটিতে আবার শৈশবের আনন্দ খুঁজছেন। থিম পার্কে ঘোরাঘুরি, বিভিন্ন রাইডে চড়া কিংবা ছোটবেলার পছন্দের কাজে মেতে ওঠার জন্য ছুটি কাটানোর প্রবণতা বাড়ছে।
অনলাইন ভ্রমণ প্রতিষ্ঠান এক্সপিডিয়ার জরিপে ৫৭ শতাংশ ভ্রমণকারী ২০২৭ সালে এ ধরনের ছুটি কাটানোর আগ্রহ জানিয়েছেন। মিলেনিয়াল ও জেনারেশন জেডের মধ্যে এ হার ৭১ শতাংশ। শুধু প্রাপ্তবয়স্কদের জন্য বিশেষ বিনোদনকেন্দ্র, রিসোর্ট ও আয়োজনও এ প্রবণতাকে এগিয়ে নিচ্ছে।
৪. প্রযুক্তির পাশাপাশি গুরুত্ব পাবে মানুষের সংযোগ
ভ্রমণের পরিকল্পনা তৈরি থেকে শুরু করে হোটেল নির্বাচন—সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়ছে। তবে প্রযুক্তির ওপর নির্ভরতা বাড়লেও মানুষের সাথে সরাসরি যোগাযোগের আকাঙ্ক্ষা কমছে না; বরং বাড়ছে।
দলগত ভ্রমণ, পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানো এবং স্থানীয় মানুষের সাথে পরিচিত হওয়ার প্রতি আগ্রহ তৈরি হচ্ছে। ভ্রমণকারীরা শুধু অনলাইন তথ্য নয়, বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন মানুষের পরামর্শও গুরুত্ব দিচ্ছেন। কারণ, কোনো জায়গার তথ্য জানা আর সেখানকার পরিবেশ, মানুষের আচরণ ও বাস্তব অভিজ্ঞতা বোঝা এক বিষয় নয়।
৫. নিজের শখ পূরণেও হবে ভ্রমণ
শুধু বিশ্রাম কিংবা বিনোদনের জন্য নয়, নতুন কিছু শেখা এবং ব্যক্তিগত শখ পূরণের জন্যও মানুষ ভ্রমণ করছেন। কেউ আলোকচিত্র চর্চা করছেন, কেউ হস্তশিল্প শিখছেন, আবার কেউ পুরোনো জিনিস সংগ্রহের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় যাচ্ছেন।
আমেরিকান বহুজাতিক হোটেল ও আতিথেয়তা প্রতিষ্ঠান হিলটনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন কোনো শখ নিয়ে বাড়ি ফেরার আগ্রহ জেনারেশন জেডের মধ্যে বেবি বুমারদের তুলনায় প্রায় দ্বিগুণ। অর্থাৎ ভ্রমণের অভিজ্ঞতা শুধু ছুটির দিনেই সীমাবদ্ধ থাকছে না; বরং তা পরবর্তী জীবনেও নতুন আগ্রহ তৈরি করছে।
৬. কঠোর পরিকল্পনার বাইরে স্বতঃস্ফূর্ত ভ্রমণ
ভ্রমণের প্রতিটি দিন ও ঘণ্টার জন্য আগেই পরিকল্পনা করে রাখার প্রবণতা থেকে অনেকে সরে আসছেন। একের পর এক পর্যটনকেন্দ্র ঘুরে দেখার পরিবর্তে একটি জায়গায় বেশি সময় কাটানো এবং নিজের মতো করে সময় উপভোগ করার আগ্রহ বাড়ছে।
এতে স্থানীয় সংস্কৃতি, মানুষের জীবনযাত্রা ও পরিবেশ সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়। পাশাপাশি ভ্রমণের সময়সূচি নিয়ে অতিরিক্ত চাপও কমে।
৭. এক রাতের ছোট ভ্রমণ
দীর্ঘ ছুটির পরিবর্তে এক রাতের ছোট ভ্রমণ জনপ্রিয় হয়ে উঠছে। কনসার্ট, খেলাধুলার আয়োজন কিংবা বিশেষ কোনো উপলক্ষকে কেন্দ্র করে অনেকে কাছাকাছি কোনো গন্তব্যে গিয়ে এক রাত কাটিয়ে ফিরছেন। এ প্রবণতাকে বলা হচ্ছে ‘ট্রিপ স্ন্যাকিং’।
হোটেল বুকিং প্ল্যাটফর্ম হোটেলস ডটকমের জরিপে ৭৯ শতাংশ ভ্রমণকারী জানিয়েছেন, ২০২৭ সালে তাঁরা অন্তত এক রাতের জন্য কোথাও থাকার পরিকল্পনা করছেন। জেনারেশন জেড ও মিলেনিয়ালদের মধ্যে এ হার ৮৩ শতাংশ। তুলনামূলক কম খরচে এবং অল্প সময়ে দৈনন্দিন জীবনের ব্যস্ততা থেকে বিরতি নেওয়ার সুযোগ থাকায় এ ধরনের ভ্রমণ জনপ্রিয় হচ্ছে।
৮. ব্যতিক্রমী অভিজ্ঞতার সন্ধান
গতানুগতিক পর্যটনের বাইরে এমন অভিজ্ঞতা খুঁজছেন অনেক ভ্রমণকারী, যা অন্যদের জন্য সহজলভ্য নয়। বিশেষ সাংস্কৃতিক আয়োজন, বিরল কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ কিংবা প্রকৃতির অসাধারণ কোনো ঘটনা প্রত্যক্ষ করার মতো অভিজ্ঞতা হয়ে উঠছে ভ্রমণের অন্যতম আকর্ষণ।
ভ্রমণবিষয়ক প্রতিষ্ঠান ফিন পার্টনার্স এ প্রবণতার নাম দিয়েছে ‘আনরিপিটেবল ট্রাভেল’। অর্থাৎ একই অভিজ্ঞতা দ্বিতীয়বার পাওয়া যাবে না—এমন ভ্রমণের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।
৯. ভ্রমণের অংশ হবে বৈজ্ঞানিক গবেষণা
ভ্রমণের পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণায় অবদান রাখার সুযোগও তৈরি হচ্ছে। বনে ঘুরতে গিয়ে বন্য প্রাণীর ছবি তোলা, কোনো প্রজাতির উপস্থিতি নথিবদ্ধ করা কিংবা পরিবেশের পরিবর্তন পর্যবেক্ষণের মতো কাজে পর্যটকেরা অংশ নিতে পারেন।
এ ধরনের কার্যক্রমকে বলা হয় ‘সিটিজেন সায়েন্স’ বা নাগরিক বিজ্ঞান। এতে পর্যটকেরা শুধু দর্শক হিসেবে থাকছেন না; বরং জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশবিষয়ক গবেষণার অংশ হয়ে উঠছেন। ভ্রমণের মাধ্যমে কোনো গন্তব্যের জন্য ইতিবাচক অবদান রাখার আকাঙ্ক্ষা এ প্রবণতাকে উৎসাহিত করছে।
১০. দুর্যোগ মোকাবিলায় সক্ষম গন্তব্য বেছে নেওয়া
জলবায়ু পরিবর্তনের প্রভাব বাড়ার সাথে সাথে ভ্রমণকারীদের গন্তব্য নির্বাচনের বিবেচনাতেও পরিবর্তন আসছে। অতিরিক্ত গরম থেকে বাঁচতে শীতল এলাকার প্রতি আগ্রহ যেমন বাড়ছে, তেমনি বন্যা, দাবানল ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগ মোকাবিলায় কোনো পর্যটনকেন্দ্র কতটা প্রস্তুত, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
বিশেষ করে দুর্যোগের পর পর্যটনকেন্দ্রগুলো কত দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে, তা বিবেচনায় রাখবেন ভ্রমণকারীরা। নিরাপত্তা ও আবহাওয়াজনিত ঝুঁকি আগামী দিনের ভ্রমণ পরিকল্পনায় বড় ভূমিকা রাখতে পারে।
১১. পরিবেশবান্ধব ভ্রমণেও থাকবে আরাম ও বিলাসিতা
পরিবেশবান্ধব ভ্রমণ মানেই আরাম কিংবা বিলাসিতা বিসর্জন দেওয়া—এ ধারণা বদলাচ্ছে। পরিবেশের ওপর কম প্রভাব ফেলেও আনন্দদায়ক ও স্বাচ্ছন্দ্যপূর্ণ ভ্রমণ সম্ভব, এমন ধারণার প্রতি আগ্রহ বাড়ছে।
যেমন বিমানের পরিবর্তে ট্রেনে ভ্রমণ শুধু পরিবেশের জন্যই ভালো নয়, যাত্রাপথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগও তৈরি করে। ইউরোপের বিভিন্ন দেশে বিলাসবহুল ট্রেন ভ্রমণ, পথে একাধিক জায়গায় ঘোরার সুযোগ এবং উন্নত সেবা এ প্রবণতাকে এগিয়ে নিচ্ছে।
অর্থাৎ পরিবেশের প্রতি দায়িত্বশীল থেকেও ভ্রমণে আরাম ও আনন্দ উপভোগ করা সম্ভব—এ ধারণাই আগামী দিনে পর্যটনশিল্পে আরও গুরুত্ব পেতে পারে।



