অক্সফোর্ডে সম্পূর্ণ বিনা বেতনে স্নাতকোত্তর ও এমবিএ
আবেদন করা যাবে ৬ জানুয়ারি ২০২৭ পর্যন্ত
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৬
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বৃত্তি নিয়ে স্নাতকোত্তর ও এমবিএ পড়ার সুযোগ পাচ্ছেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ‘পার্শিং স্কয়ার গ্র্যাজুয়েট স্কলারশিপ’ নামের এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি এবং জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য ভাতা দেওয়া হবে। আবেদনের শেষ সময় ৬ জানুয়ারি ২০২৭।
ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে অবস্থিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম প্রাচীন ও স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। দ্বাদশ শতাব্দীর শেষ দিকে বা ত্রয়োদশ শতাব্দীর শুরুর দিকে বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয় বলে ধারণা করা হয়। বর্তমানে এটি বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর একটি।
বৃত্তির সুযোগ-সুবিধা
পার্শিং স্কয়ার গ্র্যাজুয়েট স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দুই বছরের জন্য সম্পূর্ণ টিউশন ফি পাবেন। পাশাপাশি জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য ভাতা দেওয়া হবে।
এ ছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নেটওয়ার্কিং ও নেতৃত্বের দক্ষতা উন্নয়নে বিশেষ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে পার্শিং স্কয়ার ফাউন্ডেশনের আন্তর্জাতিক শিক্ষার্থী ও পেশাজীবীদের কমিউনিটির সাথে যুক্ত হওয়ার সুযোগও রয়েছে।
আবেদনের যোগ্যতা
বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের একাডেমিক ফলাফল প্রথম শ্রেণি বা সমমানের হতে হবে। পাশাপাশি নেতৃত্ব দেওয়ার সক্ষমতা, সামাজিক পরিবর্তনে অবদান রাখার প্রত্যয় এবং পেশাগত লক্ষ্যের সাথে বৃত্তির উদ্দেশ্যের সুস্পষ্ট সামঞ্জস্য থাকতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ের একাডেমিক ফলাফল ও ট্রান্সক্রিপ্ট, জীবনবৃত্তান্ত (সিভি), দুটি পেশাগত বা একাডেমিক সুপারিশপত্র এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য জমা দিতে হবে। এমবিএ আবেদনের জন্য জিএমএটি বা জিআরই স্কোরও প্রয়োজন হতে পারে।
এ ছাড়া বৃত্তির জন্য সর্বোচ্চ ৫০০ শব্দের একটি প্রবন্ধ জমা দিতে হবে। প্রবন্ধের বিষয়: ‘আপনি কীভাবে বিশ্বকে পরিবর্তন করতে চান এবং এ আকাঙ্ক্ষা একজন ব্যক্তি হিসেবে আপনার সম্পর্কে কী ধারণা দেয়?’
অধ্যয়নের বিষয় ও কোর্স
এ বৃত্তি মূলত অক্সফোর্ডের ‘১+১ এমবিএ’ কর্মসূচির আওতায় দেওয়া হয়। এ ব্যবস্থায় শিক্ষার্থীরা প্রথমে নির্ধারিত অংশীদার স্নাতকোত্তর কোর্স এবং পরে অক্সফোর্ডের এমবিএ সম্পন্ন করবেন।
অংশীদার কোর্সগুলোর যেকোনো একটিতে ভর্তির পাশাপাশি এমবিএ প্রোগ্রামেও ভর্তির যোগ্যতা অর্জন করতে হবে। নির্ধারিত অংশীদার কোর্সের বাইরের কোনো এক বছর মেয়াদি পূর্ণকালীন স্নাতকোত্তর কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীরাও নির্দিষ্ট শর্তে বিবেচিত হতে পারেন।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী শিক্ষার্থীদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে পছন্দের স্নাতকোত্তর কোর্স এবং এমবিএ প্রোগ্রামে আলাদাভাবে আবেদন করতে হবে। এমবিএ আবেদনের ফান্ডিং অংশে পার্শিং স্কয়ার স্কলারশিপের জন্য আগ্রহ প্রকাশের পাশাপাশি নির্ধারিত প্রবন্ধ জমা দিতে হবে।
২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য এমবিএ ও বৃত্তির আবেদন জমা দেওয়ার শেষ সময় ৬ জানুয়ারি ২০২৭। তবে পছন্দের স্নাতকোত্তর কোর্সের আবেদনসীমা আলাদা। তাই সংশ্লিষ্ট কোর্সের সময়সীমাও অনুসরণ করতে হবে।
বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে দেখুন।



