ঢাকায় পর্যটন মেলায় ১৬ দেশ, ৩ দিনে আসবেন ৬০ হাজার দর্শনার্থী
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬
পর্যটন খাতের উন্নয়ন, আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার এবং ব্যবসার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬। বাংলাদেশসহ ১৬টি দেশের পর্যটন খাতের অংশীজনদের অংশগ্রহণে বৃহস্পতিবার আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলার ১৪তম আসর শুরু হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন নাহার চৌধুরী মেলার উদ্বোধন করেন। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত এবারের প্রদর্শনীর প্রতিপাদ্য ‘এআই-পাওয়ার্ড ট্যুরিজম, সাসটেইনেবল ডেস্টিনেশন’।
বাংলাদেশ ছাড়াও মেলায় অংশ নিচ্ছে মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন, নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব ও আজারবাইজান। মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও নেপাল অংশীদার দেশ হিসেবে যুক্ত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এবং ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কইনোলেট বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাওসার চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে নুরুন নাহার চৌধুরী বাংলাদেশের পর্যটনশিল্পের বিকাশে প্রযুক্তিগত উদ্ভাবন, পরিবেশগত স্থায়িত্ব এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে বাংলাদেশের পর্যটন খাত নতুন যুগে প্রবেশ করছে।
তিনি আরও বলেন, বিটিটিএফের মতো আন্তর্জাতিক আয়োজন বিশ্বব্যাপী বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি পরিবেশের প্রতি দায়িত্বশীল পর্যটনচর্চায় উৎসাহ জোগায়। বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের পর্যটন খাতের অবস্থান সুদৃঢ় করতে সরকার, বেসরকারি খাত ও অন্যান্য অংশীজনের সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্ব দেন তিনি।
আয়োজকদের তথ্যমতে, মেলায় ২০০টির বেশি বুথ ও স্টল এবং ২২০টির বেশি প্রদর্শক অংশ নিচ্ছেন। এ ছাড়া ২৫০ জনের বেশি যোগ্য ক্রেতা ও ২ হাজার ৫০০-এর বেশি বাণিজ্যিক দর্শনার্থীর অংশগ্রহণের প্রত্যাশা রয়েছে। তিন দিনে ৬০ হাজারের বেশি দর্শনার্থী মেলা পরিদর্শন করবেন বলে আশা করছেন আয়োজকরা।
চারটি বিষয়ভিত্তিক হলে আয়োজিত এ প্রদর্শনীতে ট্যুর অপারেটর, বিমান সংস্থা, হোটেল, ভ্রমণসেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং পর্যটনশিল্পের পেশাজীবীরা অংশ নিচ্ছেন। এর মাধ্যমে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ, বিনিয়োগ এবং ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
টোয়াব সভাপতি মোহাম্মদ হানিফ বলেন, সফলভাবে ১৩টি আসর আয়োজনের ধারাবাহিকতায় বিটিটিএফ দক্ষিণ এশিয়ার অন্যতম উল্লেখযোগ্য পর্যটন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এবারের মেলার মাধ্যমে আন্তর্জাতিক দর্শনার্থীদের সামনে বাংলাদেশের বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণ তুলে ধরা এবং বিদেশি অংশীদারদের সঙ্গে দেশীয় পর্যটন ব্যবসায়ীদের বাণিজ্যিক সম্পর্ক জোরদারের সুযোগ তৈরি হবে।
আয়োজকরা জানান, এবারের প্রদর্শনীতে পর্যটনসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, টেকসই পর্যটন গন্তব্য এবং পরিবেশবান্ধব ভ্রমণচর্চার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স মেলার টাইটেল স্পন্সর এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ারলাইন পার্টনার হিসেবে রয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, এনএসডিএ, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ এবং এফবিসিসিআই এ আয়োজনকে সহযোগিতা করছে।
মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি।
সূত্র: বাসস



