মোরগ-পোলাও খাইয়ে শপিং মলে লুটপাট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৬
রাজধানীর ধানমণ্ডিতে একটি শপিং মল থেকে প্রায় দুই হাজার ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ থেকে ১২ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। চুরির আগে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ-পোলাও খাইয়ে অচেতন করা হয়েছিল বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় তিন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ধানমণ্ডির আনাম র্যাংকস প্লাজায় অবস্থিত পূরবী জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে।
পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ জানান, দোকান থেকে আনুমানিক দুই হাজার ভরি গয়না চুরি হয়েছে। এ ছাড়া নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা।
জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ বলেন, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ-পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর দুর্বৃত্তরা দোকানে ঢুকে গয়না ও টাকা নিয়ে যায়।
পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল জানান, ঘটনার পর থেকে তিন নিরাপত্তাকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের মধ্যে একজন জুয়েলার্সের নিজস্ব নিরাপত্তাকর্মী এবং বাকি দুজন শপিং মলের নিরাপত্তাকর্মী।
তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে শপিং মলে প্রবেশ করতে দেখা গেছে। তাঁদের সাথে আরও দুজন অজ্ঞাত ব্যক্তিও ছিলেন। ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে দুর্বৃত্তদের দোকানে প্রবেশে সরাসরি সহায়তা করতে দেখা গেছে বলে দাবি করেন তিনি।
এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) একটি দল পাঠিয়ে আলামত সংগ্রহ করছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
ঘটনার সাথে কারা জড়িত এবং নিখোঁজ তিন নিরাপত্তাকর্মীর বিষয়ে তদন্ত চলছে।



