ভেনিজুয়েলায় ৪৮ ঘণ্টার জন্য বিনা মূল্যে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৬
শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনিজুয়েলায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় ৪৮ ঘণ্টার জন্য বিনা মূল্যে ইন্টারনেট, ল্যান্ডলাইন টেলিফোন ও টেলিভিশন সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান সিএএনটিভি (CANTV)।
বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, সাম্প্রতিক ভূমিকম্পের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে সৃষ্ট জরুরি পরিস্থিতি বিবেচনায় এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, ক্ষতিগ্রস্ত এলাকায় যোগাযোগব্যবস্থা সচল রাখা, উদ্ধার তৎপরতা সহজ করা এবং সাধারণ মানুষের কাছে জরুরি তথ্য দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যেই বিনা মূল্যের এই সেবা চালু করা হয়েছে।
এর আগে বুধবার স্থানীয় সময় ভেনিজুয়েলায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বড় ধরনের কম্পনের পর একাধিক আফটারশক অনুভূত হওয়ায় উদ্ধার কার্যক্রম এবং জরুরি যোগাযোগব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।
এ পরিস্থিতিতে নাগরিকদের যোগাযোগ সুবিধা নিশ্চিত করতে রাষ্ট্রীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠানটি জরুরি ভিত্তিতে ৪৮ ঘণ্টার জন্য বিনা মূল্যে ইন্টারনেট, টেলিফোন ও টেলিভিশন সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে।
সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে জনগণকে সরকারি নির্দেশনা অনুসরণ এবং প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ স্থানে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।



