চিবা উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প, আতঙ্ক ছড়াল জাপানে

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৬

জাপানে ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী টোকিওসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হলেও সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় দুপুর ১২টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

জাপানের আবহাওয়া সংস্থা (JMA) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চিবা প্রিফেকচার। ভূ-পৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে এর কেন্দ্রস্থল ছিল। সংস্থাটি জাপানের সাত স্তরের ভূমিকম্পের তীব্রতা স্কেলে সর্বোচ্চ ৪ মাত্রার কম্পন রেকর্ড করেছে এবং জানিয়েছে, এ ভূমিকম্পে সুনামির কোনো ঝুঁকি নেই।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) ভূমিকম্পটির মাত্রা ৫.৮ নিশ্চিত করেছে। সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল যকশিবা শহরের প্রায় ৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং এর গভীরতা ছিল প্রায় ৫৬ কিলোমিটার।

এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। তাই দেশটির উন্নত ভূমিকম্প পর্যবেক্ষণ ব্যবস্থা এবং দুর্যোগ প্রস্তুতির কারণে এ ধরনের কম্পনের পর দ্রুত পরিস্থিতি মূল্যায়ন ও প্রয়োজনীয় সতর্কতা জারি করা হয়।