ভারত গোপন কৌশলে পাকিস্তানের শান্তি নষ্টের চেষ্টা করছে: শেহবাজ
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৬
ভারত গোপন কৌশল ও প্রক্সি গোষ্ঠী ব্যবহার করে পাকিস্তানের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
শনিবার (২৭ জুন) করাচিতে পাকিস্তান নৌবাহিনী একাডেমিতে ১২৫তম মিডশিপম্যান ও ৩৩তম শর্ট সার্ভিস কমিশন (এসএসসি) কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। খবর পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ।
শেহবাজ শরিফ বলেন, পাকিস্তান বর্তমানে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ নানা নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। তার দাবি, গত বছরের মে মাসের সংঘাতের পর পূর্বাঞ্চলীয় প্রতিবেশী ভারত পাকিস্তানের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টে গোপন কৌশল এবং প্রক্সি গোষ্ঠী ব্যবহারের পথ বেছে নিয়েছে।
তিনি আরও বলেন, দেশের পশ্চিম সীমান্তেও বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলা করছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। এ লড়াইয়ে দেশের জনগণ বাহিনীর পাশে রয়েছে। একই সঙ্গে পাকিস্তান শান্তি, সংলাপ ও কূটনীতির মাধ্যমে সব অমীমাংসিত বিরোধের সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তার দেশ কাশ্মীরি জনগণ, গাজার বাসিন্দা এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।
বক্তব্যে শেহবাজ শরিফ দাবি করেন, সাম্প্রতিক বৈশ্বিক ঘটনাপ্রবাহ বিশ্বকে নতুন বাস্তবতার মুখোমুখি করেছে এবং পাকিস্তান আন্তর্জাতিক অঙ্গনে শান্তি প্রতিষ্ঠাকারী রাষ্ট্র হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করছে।
তিনি আরও জানান, বন্ধুপ্রতিম দেশগুলোর সহায়তায় পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্বাক্ষরিত হয়েছে, যেখানে তিনি মধ্যস্থতাকারী হিসেবে স্বাক্ষর করার সুযোগ পেয়েছেন।
অনুষ্ঠানে নবীন নৌ কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে শেহবাজ শরিফ বলেন, বাংলাদেশ, তুরস্ক, বাহরাইন, ইরাক, শ্রীলঙ্কা ও জিবুতির প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে তিনি আনন্দিত। পাকিস্তান নৌবাহিনী একাডেমিতে অর্জিত প্রশিক্ষণ ও অভিজ্ঞতা নিজ নিজ দেশের নৌবাহিনীর কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সূত্র: ডন নিউজ



