কম খরচে বিমানে ভ্রমণে গুগলের ৫ কৌশল

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬

বছরের শেষ দিকে ছুটিতে ভ্রমণের পরিকল্পনা করছেন অনেকে। গন্তব্য ঠিক করার পাশাপাশি কখন বিমানের টিকিট বুক করবেন এবং কোন দিনে যাত্রা করবেন, তার ওপরও ভ্রমণ ব্যয়ের বড় প্রভাব পড়ে। কিছুটা পরিকল্পনা করে টিকিট বুক করলে খরচ কমানোর সুযোগ থাকে।

ভ্রমণকারীদের টিকিট বুকিংয়ের উপযুক্ত সময় সম্পর্কে ধারণা দিতে পাঁচ বছরের তথ্য বিশ্লেষণ করেছে গুগল ফ্লাইটস। সেই বিশ্লেষণের ভিত্তিতে টিকিটের খরচ কমাতে পাঁচটি পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

থ্যাংকসগিভিংয়ের টিকিট অক্টোবরে

থ্যাংকসগিভিংয়ের সময় ভ্রমণের পরিকল্পনা থাকলে অক্টোবরে টিকিট বুক করা তুলনামূলক সাশ্রয়ী হতে পারে। গুগল ফ্লাইটসের তথ্য অনুযায়ী, এ সময় থ্যাংকসগিভিং ভ্রমণের ভাড়া সাধারণত কম থাকে। তাই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে আগে থেকেই টিকিট বুক করার পরামর্শ দেওয়া হয়েছে।

বড়দিনের প্রায় ৫৬ দিন আগে

বড়দিনের ছুটিতে ভ্রমণের ক্ষেত্রেও আগেভাগে টিকিট বুক করা লাভজনক হতে পারে। গুগল ফ্লাইটসের তথ্য বলছে, যাত্রার প্রায় ৫৬ দিন আগে টিকিট বুক করলে তুলনামূলক ভালো ভাড়া পাওয়ার সুযোগ থাকে।

অর্থাৎ, ২৫ ডিসেম্বর ভ্রমণের পরিকল্পনা থাকলে প্রায় ৩০ অক্টোবরের দিকে টিকিট বুক করার কথা বিবেচনা করা যেতে পারে।

কানেক্টিং ফ্লাইটে কমতে পারে খরচ

সরাসরি ফ্লাইটে সময় ও ঝামেলা কম হলেও এর ভাড়া তুলনামূলক বেশি হতে পারে। গুগল ফ্লাইটসের বিশ্লেষণ অনুযায়ী, ননস্টপ ফ্লাইটের টিকিট গড়ে কানেক্টিং ফ্লাইটের চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি হতে পারে।

তাই সময়ের কিছুটা ছাড় দেওয়ার সুযোগ থাকলে এক বা একাধিক স্টপেজের ফ্লাইট বেছে নিয়ে খরচ কমানো সম্ভব হতে পারে।

যাত্রার দিনেও নজর রাখুন

টিকিটের দাম কমানোর ক্ষেত্রে ভ্রমণের দিনটিও গুরুত্বপূর্ণ। গুগল ফ্লাইটসের তথ্য অনুযায়ী, সোমবার যাত্রা করে মঙ্গলবার বা বুধবার ফেরার ক্ষেত্রে সপ্তাহান্তে ভ্রমণের তুলনায় প্রায় ১৪ শতাংশ পর্যন্ত সাশ্রয় হতে পারে।

দেশীয় ফ্লাইটের ক্ষেত্রে রোববারের পরিবর্তে অন্য দিনে ভ্রমণ করলে সাশ্রয়ের পরিমাণ প্রায় ২০ শতাংশ পর্যন্ত হতে পারে।

বুধবার টিকিট বুকিংয়ে সামান্য সাশ্রয়

সপ্তাহের দিনগুলোর মধ্যে বুধবার টিকিট বুক করলে খরচ তুলনামূলক কম হতে পারে বলে জানিয়েছে গুগল ফ্লাইটস। তবে পার্থক্য খুব বেশি নয়। রোববারের তুলনায় বুধবার টিকিট বুক করলে গড়ে মাত্র ১ দশমিক ৪ শতাংশ সাশ্রয় হতে পারে।

তাই শুধু বুকিংয়ের দিন পরিবর্তনের চেয়ে ভ্রমণের তারিখে কিছুটা নমনীয় থাকা এবং আগেভাগে টিকিটের দাম পর্যবেক্ষণ করাই বেশি কার্যকর হতে পারে।