আকাশে যান্ত্রিক ত্রুটি, শিকাগো না গিয়ে লন্ডনে ফিরল বিমান

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬

লন্ডন থেকে আমেরিকার শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করেছে। আয়ারল্যান্ডের আকাশসীমার ওপর দিয়ে যাওয়ার সময় বোয়িং ৭৭৭ বিমানটি কয়েক মিনিটের মধ্যে ৩৭ হাজার ফুট উচ্চতা থেকে ৯ থেকে ১০ হাজার ফুটের নিচে নেমে আসে।

পরিস্থিতি সামাল দিতে পাইলটরা আকাশপথেই ইউ-টার্ন নিয়ে বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ফিরিয়ে আনেন।

ব্রিটিশ এয়ারওয়েজের বিএ-২৯৫ ফ্লাইটটি শিকাগোর ও’হেয়ার বিমানবন্দরের উদ্দেশে হিথ্রো থেকে দুপুর ১২টা ১৪ মিনিটে উড্ডয়ন করে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার আগে ৩৭ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় বিমানটিতে তীব্র যান্ত্রিক গোলযোগ দেখা দেয়।

যাত্রীরা জানান, হঠাৎ বিমানটিতে তীব্র ঝাঁকুনি শুরু হয়। এ সময় ছাদ থেকে জরুরি অক্সিজেন মাস্কও ঝুলে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পাইলটরা দ্রুত বিমানের উচ্চতা কমিয়ে ১০ হাজার ফুটের নিচে নিয়ে আসেন এবং আন্তর্জাতিক আপৎকালীন সংকেত ‘৭৭০০’ জারি করেন।

অবতরণের সময় বিমানের ওজন কমাতে ব্রিস্টল চ্যানেলের ওপর কয়েকবার চক্কর দিয়ে অতিরিক্ত জ্বালানি পুড়িয়ে ফেলা হয়। পরে বিকেল ৫টার দিকে বিমানটি হিথ্রো বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যাত্রীরাও স্বাভাবিকভাবে বিমান থেকে নেমে আসেন।

বিএ-২৯৫ ফ্লাইটে ব্যবহৃত বোয়িং ৭৭৭-২০০ইআর মডেলের বিমানটি ১৯৯৭ সালের। এটি ব্রিটিশ এয়ারওয়েজের বহরের অন্যতম পুরোনো উড়োজাহাজ।

ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই বিমানটি হিথ্রোতে ফিরিয়ে আনা হয়েছিল। পরে মঙ্গলবারের (৬ অক্টোবর) ফ্লাইটে ওই যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।