এনআইডি সংশোধনে প্রবাসীদের ভিসা ও বিদেশে থাকার প্রমাণ লাগবে

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৬

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সংশোধন প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে প্রবাসী বাংলাদেশিদের জন্য পৃথক আবেদন ফরম চালুর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত ব্যবস্থায় আবেদনকারীদের ভিসার কপি ও বিদেশে বসবাসের প্রমাণপত্র জমা দিতে হবে।

বুধবার নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা জানান, প্রবাসীদের আবেদন দ্রুত শনাক্ত ও যাচাই করতে আলাদা ফরম চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ইসি সূত্র জানায়, বর্তমানে দেশের ভেতরে ও বিদেশে বসবাসরত নাগরিকদের এনআইডি সংশোধনের আবেদন একই ব্যবস্থায় জমা পড়ে। ফলে প্রবাসীদের আবেদন আলাদাভাবে শনাক্ত ও যাচাই করতে অতিরিক্ত সময় লাগে। এই জটিলতা কমাতে পৃথক ফরম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত ফরমের প্রথম অংশে আবেদনকারীর নাম, জন্মতারিখ, পাসপোর্ট নম্বর, বর্তমানে বসবাসের দেশ, পেশা, কর্মস্থল ও বিদেশের ঠিকানা উল্লেখ করতে হবে। দ্বিতীয় অংশে বাবা-মা, ভাই-বোন ও পরিবারের সদস্যদের বিস্তারিত তথ্য দিতে হবে।

আবেদনের সাথে ভিসার কপি এবং বিদেশে বসবাসের প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট নথিও জমা দিতে হবে।

এনআইডি অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে নির্বাচন কমিশন বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আবেদনগুলো কম সময়ে নিষ্পত্তি করতে নতুন কিছু উদ্যোগ বাস্তবায়নের কাজ চলছে বলেও জানান তিনি।

ইসি সূত্রের তথ্য অনুযায়ী, দেশে ও বিদেশে বসবাসরত নাগরিকদের প্রায় ১ লাখ ৩৫ হাজার এনআইডি সংশোধনের আবেদন এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, প্রবাসীদের জন্য পৃথক আবেদন ফরম চালু হলে নথিপত্র যাচাই সহজ হবে। এতে দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ আবেদন নিষ্পত্তির গতিও বাড়তে পারে।