প্রবাসীদের জন্য বড় সুখবর দিল মালয়েশিয়া

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৬

মালয়েশিয়ায় স্থানীয় শ্রমিকদের পাশাপাশি বিদেশি কর্মীদের ন্যূনতম মাসিক মজুরি ১ হাজার ৭০০ রিঙ্গিত থেকে বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ২০২৭ সালের জুন থেকে নতুন এ মজুরি কার্যকর হওয়ার কথা রয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ২০২৭ সালের বাজেট সংসদে উপস্থাপনের সময় এ ঘোষণা দেন। তাঁর প্রত্যাশা, নতুন মজুরির ফলে ৪০ লাখের বেশি কর্মী উপকৃত হবেন।

মালয়েশিয়ার ন্যূনতম মজুরির নিয়ম বিদেশি কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য। ফলে বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়াসহ অন্যান্য দেশের যেসব কর্মী এ নীতির আওতাভুক্ত, তাঁরাও নতুন মজুরির সুবিধা পাওয়ার অধিকারী হবেন।

মালয়েশিয়ায় ২০১৩ সালে ন্যূনতম মজুরি নীতি চালু হয়। তখন মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছিল ৯০০ রিঙ্গিত। পরে ২০১৬ সালে তা বেড়ে ১ হাজার, ২০১৯ সালে ১ হাজার ১০০, ২০২০ সালে ১ হাজার ২০০, ২০২২ সালে ১ হাজার ৫০০ এবং ২০২৫ সালে ১ হাজার ৭০০ রিঙ্গিত হয়। নতুন ঘোষণা কার্যকর হলে ন্যূনতম মজুরি ২০১৩ সালের তুলনায় দ্বিগুণেরও বেশি হবে।

তবে বার্ষিক টার্নওভার ৫ কোটি রিঙ্গিতের কম এমন ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে নতুন মজুরি কার্যকরের শর্ত থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দিয়েছেন আনোয়ার ইব্রাহিম। এসব প্রতিষ্ঠানকে ব্যবসায়িক কার্যক্রম ও ব্যয়ের কাঠামো সমন্বয়ের সময় দিতেই এ ছাড় দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, শ্রমিকদের উৎপাদনশীলতা ও মজুরির মধ্যকার ব্যবধান কমাতে হবে। মূল্যস্ফীতির সঙ্গে আয় তাল মেলাতে না পারায় মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। মজুরি কাঠামো উন্নত করার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে আধা-দক্ষ কর্মী ও বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের জন্য ন্যূনতম মাসিক বেতন ২ হাজার ৫০০ রিঙ্গিত নির্ধারণের পরিকল্পনার কথাও জানান তিনি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ন্যূনতম মজুরি শ্রমিকদের আয়ের সর্বনিম্ন সীমা নির্ধারণ করে। তবে দক্ষ শ্রমিকদের অনেকেই তাঁদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী পারিশ্রমিক পাচ্ছেন না।

অনিবন্ধিত বিদেশি কর্মী নিয়োগ ঠেকাতে করবিধি কঠোর করার পরিকল্পনাও জানিয়েছে সরকার। প্রস্তাবিত ব্যবস্থা অনুযায়ী, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানকে মজুরি ব্যয়ের ওপর করছাড় পেতে কর্মসংস্থান আইনে অনুমোদিত পদ্ধতিতে ব্যাংক হিসাবের মাধ্যমে বেতন পরিশোধ করতে হবে।

নতুন মজুরি কার্যকর হলে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিসহ অন্যান্য দেশের যেসব বিদেশি শ্রমিক ন্যূনতম মজুরি নীতির আওতাভুক্ত, তাঁদের আয় বাড়তে পারে। তবে নতুন হার কার্যকর হওয়ার নির্ধারিত সময় এবং কিছু ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানের অব্যাহতির কারণে সব শ্রমিক একই সময়ে এ সুবিধা পাবেন না।