বিদেশ ভ্রমণে কত ডলার সাথে নেওয়া যাবে?

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬

বিদেশ ভ্রমণের জন্য বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা সংগ্রহের সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত মানি চেঞ্জার থেকে একজন ভ্রমণকারী একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার নগদ কিনতে পারবেন। আগে এ সীমা ছিল ২ হাজার ডলার।

গত ৮ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ এ-সংক্রান্ত সার্কুলার জারি করে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বিদেশগামী নাগরিকদের বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ সহজ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বার্ষিক ভ্রমণ কোটা কত?

বাংলাদেশ ব্যাংকের ৬ সেপ্টেম্বরের নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশে বসবাসকারী একজন প্রাপ্তবয়স্ক নাগরিক এক বছরে বিদেশ ভ্রমণের জন্য সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন। তবে এর মধ্যে নগদ মার্কিন ডলারের নোট নেওয়ার সীমা সর্বোচ্চ ৫ হাজার ডলার। ১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে বার্ষিক ভ্রমণ কোটা প্রাপ্তবয়স্কদের অর্ধেক।

মানি চেঞ্জার থেকে কত ডলার কেনা যাবে?

নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত মানি চেঞ্জার থেকে একবারে সর্বোচ্চ ৩ হাজার ডলার নগদ কেনা যাবে। ভ্রমণকারীর বার্ষিক কোটার অবশিষ্ট অংশ প্রাপ্যতা ও প্রযোজ্য নিয়ম সাপেক্ষে অন্যান্য অবাধে বিনিময়যোগ্য বৈদেশিক মুদ্রায় নেওয়া যাবে।

তবে মনে রাখতে হবে, মানি চেঞ্জার থেকে একবারে ডলার কেনার সীমা এবং পুরো বছরে ভ্রমণের জন্য বৈদেশিক মুদ্রা নেওয়ার সীমা এক নয়। বিদেশ যাওয়ার আগে পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্টসহ প্রযোজ্য নিয়মকানুন সংশ্লিষ্ট ব্যাংক বা অনুমোদিত মানি চেঞ্জারের কাছ থেকে জেনে নেওয়া উচিত।