সারা দেশে নেতাকর্মীদের বাড়ি ও প্রতিষ্ঠানে আগুন, বাড়ছে সহিংসতা ডেল্টা টিভি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২৬

সারা দেশে রাজনৈতিক নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা বাড়ছে। ক্ষমতাসীন বিএনপির সংসদ সদস্য ও নেতাকর্মীদের পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের বাড়িও হামলার শিকার হচ্ছে। বাদ যাচ্ছে না দলীয় কার্যালয়, থানা ও ইউনিয়ন পরিষদ ভবন। বিভিন্ন স্থানে গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাও ঘটছে। এসব ঘটনায় প্রাণহানি ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে সহিংসতার ঘটনার পর পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে বিএনপির সংসদ সদস্য ও নেতাকর্মীদের বাড়িঘর এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের সাবেক নেতা ও জনপ্রতিনিধিদের বাড়িঘরেও পাল্টা হামলা শুরু হয়।

গত ১৭ নভেম্বর রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর টুঙ্গিপাড়ার পৈতৃক বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। পরদিন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের বাসভবন, ব্যক্তিগত কার্যালয় এবং তাঁর মালিকানাধীন আরাফ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও আগুন দেওয়া হয়। একই রাতে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হকের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।

বৃহস্পতিবার গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সময় তাঁর ভাইদের দোকান এবং কয়েকজন সমর্থকের বাড়িতেও হামলা চালানো হয়। এ ছাড়া মুকসুদপুর থানায় আগুন দেওয়া হয়। এর আগে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জুর বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়।

অন্যদিকে, গোপালগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলার ঘটনার পর দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দেওয়া হয়। চাঁদপুরে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির পরিত্যক্ত বাসায় এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

বরিশালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতেও আগুন দেওয়া হয়। সিরাজগঞ্জে সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের বাড়ি এবং জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ছাড়া নারায়ণগঞ্জে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়ি, কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের বাড়ি ও আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয় এবং ফেনীর সোনাগাজীতে সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

পটুয়াখালীতে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসভবন এবং বরগুনায় আওয়ামী লীগের সাবেক নেতা মশিউর রহমান শিহাবের বাড়িতেও আগুন দেওয়া হয়।

এদিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ি ‘নিরিবিলি’তেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে বাড়িটির পরিত্যক্ত অংশে কাগজের স্তূপে আগুন দেওয়া হয়। পুলিশ ও নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। বাড়িটিতে কেউ বসবাস না করায় হতাহতের ঘটনা ঘটেনি।

নেতাদের বাড়িঘরের পাশাপাশি চাঁদপুর ও ময়মনসিংহের দুটি ইউনিয়ন পরিষদ কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়েছে। বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

এ পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে নাশকতা প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের জানমাল এবং সরকারি-বেসরকারি সম্পদ রক্ষায় পুলিশ সতর্ক রয়েছে।