মিরপুরে পার্কিং করা বাসে আগুন, পুড়ল অধিকাংশ আসন ও কাচ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৬
রাজধানীর মিরপুরের পল্লবীতে পার্কিং করে রাখা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটির ভেতরের অধিকাংশ আসন ও কাচ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দুই লাখ টাকা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে পল্লবী থানার সেকশন-১১, ব্লক-বি, লাইন-৭-এর বিহারি মিল্লাত ক্যাম্পসংলগ্ন সড়কের পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, ঢাকা মেট্রো-ব-১১-৭২১৫ নম্বরের মধুমতি পরিবহনের বাসটি সেখানে পার্কিং করা ছিল। এ সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। পরে স্থানীয় লোকজন বালু ও পানি দিয়ে আগুন নেভান। আগুনে বাসটির ভেতরের অধিকাংশ আসন ও কাচ পুড়ে যায়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, মধুমতি পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়েছে। বাসটি মালিকের বাসার সামনে পার্কিং করা ছিল। আগুনে বাসটি আংশিক পুড়ে গেছে।



