প্রবাসী মেডিকেল টেস্টে কঠোর নজরদারি শুরু সৌদি আরবে

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৬

প্রবাসী কর্মীদের জন্য পরিচালিত মেডিকেল পরীক্ষায় কঠোর নজরদারি শুরু করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। পরীক্ষার ফলাফলের নির্ভরযোগ্যতা ও সঠিকতা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে অনুমোদিত মানদণ্ড মেনে চলতে বাধ্য করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সৌদি গেজেট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জনস্বাস্থ্য সুরক্ষা জোরদারের অংশ হিসেবে দেশজুড়ে এ তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মন্ত্রণালয় জানিয়েছে, মেডিকেল পরীক্ষার নির্ধারিত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, পরীক্ষাগারের যন্ত্রপাতি নিয়মিত রক্ষণাবেক্ষণ ও ক্যালিব্রেশন করা হচ্ছে কি না এবং প্রশিক্ষিত ও যোগ্য প্রযুক্তিবিদ নিয়োজিত আছেন কি না—এসব বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, নিয়ম লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে। এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৬০ দিনের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা বা তাদের লাইসেন্স বাতিল করার ব্যবস্থাও নেওয়া হতে পারে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, পরীক্ষার ফলাফলের সততা ও স্বচ্ছতা নষ্ট করতে পারে—এমন যেকোনো অনিয়ম চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে নিয়মিত পরিদর্শন ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সৌদি আরবে কর্মসংস্থানের জন্য প্রবাসী কর্মীদের মেডিকেল পরীক্ষা একটি বাধ্যতামূলক ধাপ। তাই এই পরীক্ষার মান, স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে সরকার নতুন করে কঠোর নজরদারি ব্যবস্থা চালু করেছে।