বিসিবির বড় সিদ্ধান্ত, ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৬

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কত্বে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেহেদী হাসান মিরাজের পরিবর্তে লিটন কুমার দাসকে ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) মিরপুরে অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিষয়টি সাংবাদিকদের জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল।

ওয়ানডে দলের নেতৃত্ব পরিবর্তনের পাশাপাশি বোর্ড সভায় দেশের ক্রিকেট নিয়ে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় মানসম্পন্ন ফ্র্যাঞ্চাইজি না পাওয়া গেলে এক মৌসুমের জন্য টুর্নামেন্ট স্থগিত রাখার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

এ ছাড়া পূর্বাচল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়া, নারী ক্রিকেটের উন্নয়নে দেশের আট বিভাগে কোচ নিয়োগ এবং ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, ভারত দলের বাংলাদেশ সফর নিয়ে তারা আশাবাদী।

তিনি বলেন, “আমরা আশা করছি, ভারত বাংলাদেশে সিরিজটি খেলতে আসবে। নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা বিসিসিআইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। আশা করি, তারা আসবে এবং সিরিজ খেলবে। এটা সবাই চায়।”