শেষ ওভারে ১৯ রানের সমীকরণ, ৪ রানে হারল বাংলাদেশ
খেলা ডেস্ক
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৬
শুরুতেই ব্যাটিং বিপর্যয়। ২১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে সেখান থেকে অধিনায়ক সাদিয়া ইসলামের ঝোড়ো ফিফটি ও শেষ দিকে সাদিয়া আক্তারের আক্রমণাত্মক ব্যাটিংয়ে জয়ের আশা জাগিয়েছিল অনূর্ধ্ব-১৯ নারী দল। শেষ ওভারের রোমাঞ্চেও লড়াই চালিয়ে যায় জুনিয়র টাইগ্রেসরা। কিন্তু শেষ পর্যন্ত ৪ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। শ্রীলঙ্কার কাছে হেরে ত্রিদেশীয় সিরিজের শিরোপা হাতছাড়া করেছে বাংলাদেশ।
শুক্রবার (১৬ অক্টোবর) পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ফাইনালে আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান করে বাংলাদেশ।
১৫৯ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশের শুরুটা ছিল হতাশাজনক। ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে ফেরেন মাইমুনা নাহার। দ্বিতীয় ওভারের শেষ বলে একই পরিণতি হয় আরেক ওপেনার অচেনা জান্নাতের। সাত বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। এরপর শিরিনা খাতুন ৬ রান করে ফিরলে ২১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।
সেখান থেকে দলকে ঘুরে দাঁড়ানোর পথ দেখান নিশিতা আক্তার নিশি ও অধিনায়ক সাদিয়া ইসলাম। চতুর্থ উইকেটে ৬৭ রানের জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান তারা। ৩৩ বলে ৩২ রান করে নিশি ফিরলেও আক্রমণ অব্যাহত রাখেন সাদিয়া।
মাত্র ৩৬ বলে ৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। তাঁর ইনিংসে ছিল তিনটি চার ও পাঁচটি ছক্কা। তবে ১৬তম ওভারে সাদিয়া আউট হলে ১০৯ রানে ৫ উইকেট হারিয়ে আবার চাপে পড়ে বাংলাদেশ।
শেষ দিকে জয়ের আশা জিইয়ে রাখেন সাদিয়া আক্তার। ২২ বলে ৩৫ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন তিনি। তাঁকে কিছুটা সঙ্গ দেন ফারজানা ইয়াসমিন মেধা। ১০ বলে ১১ রান করে ১৯তম ওভারে ফারজানা ফিরলে শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন দাঁড়ায় ১৯ রান।
শেষ ওভারেও হাল ছাড়েননি বাংলাদেশের ব্যাটাররা। প্রথম দুই বলে দুই রান নেওয়ার পর তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে জয়ের আশা বাড়ান সাদিয়া আক্তার। চতুর্থ বলে আসে আরও দুই রান। তবে পঞ্চম বলে সাদিয়া আউট হলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। শেষ বলে চার মারলেও ব্যবধান ঘোচানো সম্ভব হয়নি। শেষ ওভারে ১৪ রান তুলে ৪ রানে হারে বাংলাদেশ।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কাকে বড় সংগ্রহ এনে দেন ওপেনার সানজানা কাভিন্দি। ৪৪ বলে ৬৪ রানের ইনিংসে সাতটি চার ও দুটি ছক্কা মারেন তিনি। আরেক ওপেনার বিমোক্ষা বালাসুরিয়া করেন ১৫ বলে ২৩ রান। উমায়াঙ্গনা পেইরিস ২৩ বলে অপরাজিত ২৮ রান করে দলকে ১৫৮ রানে পৌঁছে দেন।
বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন ফারজানা ইয়াসমিন মেধা, নিশিতা আক্তার নিশি, জান্নাতুল ফেরদৌস ও আফরিন মিম। শ্রীলঙ্কার দুই ব্যাটার রানআউট হন।
দুই দিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৫৮ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। সেই দলই ফাইনালে ১৫৯ রানের লক্ষ্য তাড়া করে শেষ বল পর্যন্ত লড়াই করেছে। তবে শেষ পর্যন্ত শিরোপা জিতেছে শ্রীলঙ্কা, রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে জুনিয়র টাইগ্রেসদের।



