সর্বজনীন পেনশন শুধু অবসরকালীন সুবিধা নয়: তথ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৬
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সর্বজনীন পেনশন ব্যবস্থা শুধু অবসরকালীন আর্থিক সুবিধা পাওয়ার বিষয় নয়; এটি মানুষের ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা।
গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত ‘ময়মনসিংহ বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা-২০২৬’ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থায় একজন নাগরিক কর্মক্ষম থাকা অবস্থায় নিয়মিত অর্থ জমা দেবেন। পরবর্তী জীবনে সেই সঞ্চয়ের ভিত্তিতে তিনি আর্থিক সহায়তা পাবেন। এর মাধ্যমে কর্মজীবন শেষে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবারের ভবিষ্যৎও সুরক্ষিত করার সুযোগ রয়েছে।
তিনি বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থায় চারটি স্কিম রয়েছে—প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা। নাগরিকরা তাঁদের যোগ্যতা ও পেশা অনুযায়ী উপযুক্ত স্কিম বেছে নিতে পারবেন।
প্রতিমন্ত্রী সবাইকে নিজেদের পরিবার-পরিজন ও সহকর্মীদের সরকারি পেনশন ব্যবস্থার আওতায় আনার আহ্বান জানান। তিনি বলেন, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ এবং পরিবারের আর্থিক নিরাপত্তার জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বিশেষ অতিথির বক্তব্য দেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ বিভাগের যুগ্ম সচিব শরীফ মোহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহ শাখার নির্বাহী পরিচালক আরিফুজ্জামান এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান বক্তব্য দেন।
অনুষ্ঠানের আগে সর্বজনীন পেনশন মেলা উপলক্ষে বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মাঠে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।



