গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৬
বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ও প্রত্যাবর্তন হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণতান্ত্রিক আচরণ ও প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মাধ্যমে ভবিষ্যতে ফ্যাসিবাদী শক্তির উত্থান ঠেকানো হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে যখনই স্বৈরতন্ত্রের আগমন ঘটেছে, প্রতিবারই বিএনপির নেতৃত্বে গণতন্ত্র মুক্ত হয়েছে। একবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আরেকবার বিএনপির নেতা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র মুক্ত হয়েছে।
১৯৭৫ সালের ৭ নভেম্বরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই ঘটনার মধ্য দিয়ে দেশের প্রায় অবরুদ্ধ গণতন্ত্র এবং পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হতে যাওয়া স্বাধীনতা মুক্ত হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেতৃত্ব দিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও অবরুদ্ধ গণতন্ত্র রক্ষা করেছিলেন। এটি দেশের ইতিহাসের অংশ।
সালাহউদ্দিন আহমদ বলেন, তাঁরা গণতান্ত্রিক আচরণ করবেন এবং গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবেন। বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ও প্রত্যাবর্তন হবে না—এমন প্রতিজ্ঞা তাঁদের পাশাপাশি দেশের জনগণেরও রয়েছে।



