পাঠাওয়ের তথ্য চুরি, ঝুঁকিতে ১ কোটি ৯০ লাখ গ্রাহক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৬

রাইড শেয়ারিং ও পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান পাঠাওয়ের সার্ভার থেকে এক কোটি ৯০ লাখের বেশি অ্যাকাউন্টের তথ্য চুরির দাবি করেছে একটি সাইবার অপরাধী চক্র। হ্যাকারদের দাবি, চুরি হওয়া ১৩৩ গিগাবাইট তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের নাম, ফোন নম্বর, ইমেইল, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ড্রাইভিং লাইসেন্স, বাসার ঠিকানা ও জিপিএস ডেটা। এসব তথ্যের বিনিময়ে চার লাখ ডলার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি মুক্তিপণও দাবি করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

তবে হ্যাকারদের দাবির সত্যতা ও চুরি হওয়া তথ্যের প্রকৃত পরিমাণ এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পাঠাও কর্তৃপক্ষও জানিয়েছে, কিছু ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার বিষয়টি তারা শনাক্ত করেছে। তবে কতজনের কী পরিমাণ তথ্য চুরি হয়েছে, তা এখনো যাচাই চলছে।

বিশেষজ্ঞরা বলছেন, হ্যাকারদের দাবি সত্য হলে এই ঘটনা থেকে পরিচয় চুরি, আর্থিক জালিয়াতি, ফিশিং, ব্ল্যাকমেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাকের মতো ঝুঁকি তৈরি হতে পারে।

যেভাবে সামনে আসে তথ্য চুরির ঘটনা

পাঠাওয়ের তথ্য অনুযায়ী, গত ৪ অক্টোবর তাদের প্ল্যাটফর্মে সাইবার নিরাপত্তাজনিত ঘটনা ঘটে। তবে বিষয়টি প্রকাশ্যে আসে ৭ অক্টোবর। সাইবার নিরাপত্তাবিষয়ক প্ল্যাটফর্ম ডেইলি ডার্ক ওয়েব সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হ্যাকারদের একটি পোস্টের স্ক্রিনশট প্রকাশ করলে ঘটনাটি সামনে আসে।

হ্যাকারদের দাবি, পাঠাওয়ের ৫৯১টি ডেটাবেজ টেবিল থেকে এক কোটি ৯০ লাখ ৬৩ হাজার ৯১৮টি অ্যাকাউন্টের তথ্য চুরি হয়েছে। সব মিলিয়ে তথ্যের পরিমাণ ১৩৩ গিগাবাইট।

তাদের দাবি অনুযায়ী, চুরি হওয়া তথ্যের মধ্যে রয়েছে ইমেইল ঠিকানা, ফোন নম্বর, আসল নাম, পাসওয়ার্ড, জিপিএস ডেটা, ফেসবুক আইডি ও অ্যাক্সেস টোকেন। এ ছাড়া এক কোটি ৯০ লাখ ৫৯ হাজার ৩৮৭টি জাতীয় পরিচয়পত্র নম্বর, এক কোটি ৯০ লাখ ৪৬ হাজার ৫৮৩টি ড্রাইভিং লাইসেন্সের এন্ট্রি, প্রোফাইল ছবি এবং ৫৭ লাখ বাসার ঠিকানাও বেহাত হয়েছে বলে দাবি করেছে চক্রটি।

এ ছাড়া পাঠাওয়ের ৫৪৯ জন কর্মীর মানবসম্পদ-সংক্রান্ত (এইচআর) রেকর্ড—যার মধ্যে এনআইডি, বেতন, ধর্ম ও জরুরি যোগাযোগের নম্বর রয়েছে—এবং ১৭ হাজার ৯৪৩টি মার্চেন্ট ব্যাংক অ্যাকাউন্ট ও রাউটিং রেকর্ড চুরির দাবি করা হয়েছে।

হ্যাকাররা জানিয়েছে, দাবি করা মুক্তিপণ না পেলে ধাপে ধাপে এসব তথ্য প্রকাশ করা হবে। তবে পাঠাও কর্তৃপক্ষ মুক্তিপণ দাবির বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি।

যা বলছে পাঠাও

তথ্য চুরির ঘটনা নিয়ে শুক্রবার বিবিসি বাংলাকে পাঠাওয়ের জনসংযোগ শাখার ব্যবস্থাপক মো. ফয়েজ জানান, ৪ অক্টোবর তাদের প্ল্যাটফর্মে সেবা বিঘ্নিত হয়েছিল। সাইবার নিরাপত্তাজনিত ঘটনা শনাক্ত হওয়ার পর প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।

ফয়েজ বলেন, ‘অল্প সময়ের মধ্যেই সেবাগুলো পুনরায় চালু করা হলেও সিস্টেম পুরোপুরি স্থিতিশীল করার কাজ এখনো চলছে, যে কারণে ব্যবহারকারীরা বিচ্ছিন্ন কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন।’

তিনি জানান, ঘটনার বিষয়ে নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নাম, ইমেইল ঠিকানা ও ফোন নম্বরসহ কিছু ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার বিষয়টি তাঁরা জানতে পেরেছেন।

ফয়েজ বলেন, ‘ঘটনাটি শনাক্ত করার পর প্ল্যাটফর্মের অখণ্ডতা রক্ষায় গুরুত্বপূর্ণ সিস্টেমগুলো অবিলম্বে অফলাইনে নেওয়া হয়। নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে বিশেষজ্ঞদের নিয়োগ করা হয়েছে।’

তবে মুক্তিপণ দাবির বিষয়ে মন্তব্য না করে তিনি বলেন, তদন্ত চলছে। বিষয়টি যাচাই না করে এ নিয়ে মন্তব্য করতে চায় না প্রতিষ্ঠানটি।

ফয়েজ আরো জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু ব্যবহারকারীকে স্বয়ংক্রিয়ভাবে লগ আউট করা হয়ে থাকতে পারে। তাঁরা আবার লগ ইন করে সেবা ব্যবহার করতে পারবেন।

পাঠাওয়ের পক্ষ থেকে গ্রাহকদের অযাচিত বার্তা, ফোনকল ও লিংকের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি পাসওয়ার্ড, পিন ও এককালীন পাসওয়ার্ড (ওটিপি) কারো সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

যেসব ঝুঁকি তৈরি হতে পারে

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবিরের মতে, হ্যাকারদের দাবি সত্য হলে গ্রাহকদের ব্যক্তিগত ও আর্থিক নিরাপত্তা বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। চুরি হওয়া তথ্য ব্যবহার করে ভুয়া পরিচয় তৈরি, ব্যাংক জালিয়াতি, ফিশিং, ব্ল্যাকমেইল এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট দখলের চেষ্টা হতে পারে।

বিবিসি বাংলাকে তিনি বলেন, ‘এই ধরনের ঘটনায় সাধারণ মানুষের অনেক ব্যক্তিগত তথ্য চুরি হয়। এ ছাড়া পাঠাওয়ের মতো প্রতিষ্ঠানগুলোতে অর্থ লেনদেন বা পেমেন্ট সিস্টেমও অনলাইনে নথিভুক্ত থাকে। ফলে সেগুলো যদি চুরি হয়ে যায়, সেটি আরো বিপজ্জনক।’

বিশেষজ্ঞদের মতে, ফোন নম্বর ও ইমেইলের সঙ্গে এনআইডি, ড্রাইভিং লাইসেন্স, বাসার ঠিকানা এবং অবস্থানসংক্রান্ত তথ্য একত্রে বেহাত হলে অপরাধীরা ভুক্তভোগীর পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা করতে পারে। ফেসবুক অ্যাক্সেস টোকেনের মতো তথ্য সত্যিই চুরি হয়ে থাকলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিও তৈরি হতে পারে।

এ ধরনের ঘটনা দেশের সামগ্রিক সাইবার নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা নিয়েও প্রশ্ন তুলেছে। সাবির বলেন, প্রযুক্তির উন্নতির সঙ্গে সাইবার অপরাধীদের সক্ষমতাও বাড়ছে। তাই এ ধরনের ঘটনা পুরোপুরি ঠেকানো কঠিন হলেও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা জরুরি।

তিনি আরো বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আগের তুলনায় বেশি সতর্ক হলেও দেশের সাইবার নিরাপত্তার রাষ্ট্রীয় অবকাঠামো এখনো দুর্বল। ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি ও সাইবার ইমার্জেন্সি রেসপন্স টিমের মতো প্রতিষ্ঠানের জনবল ও প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, প্রতিষ্ঠানগুলো গ্রাহকের তথ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে কি না, তা তদারকি এবং জবাবদিহি নিশ্চিত করার কাঠামো আরো শক্তিশালী করা প্রয়োজন। তথ্য বেহাত হয়ে গ্রাহক ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দেওয়ার কার্যকর আইনগত ব্যবস্থাও থাকা উচিত।

গ্রাহকদের করণীয়

বিশেষজ্ঞরা গ্রাহকদের অপরিচিত নম্বর থেকে আসা বার্তা বা লিংকে ক্লিক না করার পরামর্শ দিয়েছেন। পাঠাও বা অন্য কোনো প্রতিষ্ঠানের পরিচয়ে কেউ ওটিপি, পিন কিংবা পাসওয়ার্ড চাইলে তা দেওয়া যাবে না। পাশাপাশি ফেসবুকসহ গুরুত্বপূর্ণ অনলাইন অ্যাকাউন্টে দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা (টু-ফ্যাক্টর অথেনটিকেশন) চালু রাখার পরামর্শ দিয়েছেন তাঁরা।