পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২৬
তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও শ্রমিকদের ক্রয়ক্ষমতা বিবেচনায় নেওয়ার তাগিদ দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। একই সঙ্গে নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত ও অর্থনৈতিক বাস্তবতার ভিত্তিতে মজুরি নির্ধারণের পরামর্শ দিয়েছে সংস্থাটি।
চলমান শ্রমিক অসন্তোষ ও শিল্পের অস্থিরতা নিরসনে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে ধারাবাহিক আলোচনার ওপরও গুরুত্ব দিয়েছে আইএলও।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকায় প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা জানায় সংস্থাটি। এতে বলা হয়, বাংলাদেশের তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ এবং চলমান অস্থিরতার ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তারা। এ অস্থিরতার প্রভাব শ্রমিকদের জীবন-জীবিকা, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পসম্পর্কের ওপর পড়ছে।
সরকারের নিম্নতম মজুরি বোর্ড গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আইএলও। সংস্থাটির মতে, মজুরি নির্ধারণ প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা ও কার্যকারিতা নিশ্চিত করতে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের অংশগ্রহণ জরুরি। শ্রমিকদের উপযুক্ত মজুরি, শোভন কর্মপরিবেশ, টেকসই শিল্পপ্রতিষ্ঠান এবং সুস্থ শিল্পসম্পর্ক বজায় রাখতে ধারাবাহিক ও গঠনমূলক সামাজিক সংলাপ প্রয়োজন।
আইএলওর ন্যূনতম মজুরি নির্ধারণ কনভেনশন-১৩১ অনুযায়ী, ন্যূনতম মজুরি নির্ধারণ ও নিয়মিত সমন্বয়ের ক্ষেত্রে স্বচ্ছতা এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। এ ক্ষেত্রে শ্রমিক ও তাঁদের পরিবারের প্রয়োজন, জীবনযাত্রার ব্যয় এবং মূল্যস্ফীতির কারণে ক্রয়ক্ষমতার ওপর প্রভাব যথাযথভাবে বিবেচনায় নিতে হবে।
পাশাপাশি উৎপাদনশীলতা, কর্মসংস্থান, অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পপ্রতিষ্ঠানের টেকসই সক্ষমতার বিষয়গুলোও গুরুত্ব দিতে হবে। এ ছাড়া দেশের সাধারণ মজুরির স্তর, সামাজিক নিরাপত্তা সুবিধা, শিল্পের সক্ষমতা এবং অন্যান্য সামাজিক গোষ্ঠীর তুলনামূলক জীবনমান বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
বিবৃতিতে পোশাক খাতের চলমান পরিস্থিতিতে সহিংসতা, ভাঙচুর ও উৎপাদন কার্যক্রমে বিঘ্নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইএলও। এসব ঘটনায় শ্রমিক, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পসম্পর্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করে সংস্থাটি।
উত্তেজনা প্রশমনে সব পক্ষকে সংলাপ ও শান্তিপূর্ণ পন্থা অনুসরণের আহ্বান জানিয়েছে তারা। একই সঙ্গে নিম্নতম মজুরি বোর্ডকে নির্ধারিত দায়িত্ব অনুযায়ী সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ দেওয়ার কথা বলেছে আইএলও।
শ্রমিকদের সংগঠন করার স্বাধীনতা, সংগঠিত হওয়ার অধিকার এবং যৌথ দর-কষাকষির অধিকারকে সুস্থ শিল্পসম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। সংকটের সময়েও এসব অধিকার সম্মান করার ওপর জোর দিয়েছে তারা।
আইএলওর মতে, পোশাক খাতে মজুরি ও কর্মপরিবেশের টেকসই উন্নয়নে শুধু কারখানার মালিক ও শ্রমিক নয়, পুরো সরবরাহব্যবস্থার সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিত দায়িত্ব রয়েছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রেতাদের দায়িত্বশীল ব্যবসায়িক ও ক্রয়চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দায়িত্বশীল ক্রয়নীতির মাধ্যমে শ্রমিকদের মজুরিসংক্রান্ত বাধ্যবাধকতা পূরণ, শোভন কর্মপরিবেশ নিশ্চিত এবং দীর্ঘ মেয়াদে পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতা ও টেকসই উন্নয়নে সহায়তা করা সম্ভব।
এদিকে বাংলাদেশের মজুরি নীতি আরও শক্তিশালী করতে সরকার, মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে কারিগরি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আইএলও। তথ্য-প্রমাণ তৈরি, সক্ষমতা উন্নয়ন ও সামাজিক সংলাপের মাধ্যমে প্রমাণভিত্তিক এবং জেন্ডার-সংবেদনশীল জাতীয় মজুরি নীতি গ্রহণে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছে সংস্থাটি।
আইএলওর মতে, এ ধরনের জাতীয় মজুরি নীতি বাস্তবায়িত হলে মজুরি নির্ধারণ প্রক্রিয়ায় পূর্বানুমানযোগ্যতা, স্বচ্ছতা ও ন্যায্যতা বাড়বে। একই সঙ্গে টেকসই শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং সৌহার্দ্যপূর্ণ শিল্পসম্পর্ক বজায় রাখার পথ তৈরি হবে।



